২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে: প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে স্টারমার

যুক্তরাজ্যে নির্বাচনে বিপুল বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে ভাষণ দেন কিয়ার স্টারামার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

যুক্তরাজ্যে নির্বাচনে বিপুল বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। 

তিনি বলেছেন, “আমাদের দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। রাজনীতিকে জনগণের সেবায় ফিরিয়ে দিয়েছে।”

বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে যান।

ভাষণের শুরুতেই তিনি দেশের প্রথম ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের অর্জনের কথা তুলে ধরেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সুনাক যে ‘নিষ্ঠা ও কঠোর পরিশ্রম’ করেছেন, তাও স্বীকার করেন। 

নতুন প্রধানমন্ত্রী বলেন, “এখন নতুন করে দেশ গড়া প্রয়োজন। আমরা কে তা নতুন করে আবিষ্কার করার সময় এসেছে।”

ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পরিবর্তনের প্রতিশ্রুতি দেন স্টারমার। সেই পরিবর্তন আনতে যে কিছু সময় লাগবে, সে কথা তুলে ধরে তিনি বলেন, “দেশে পরিবর্তন নিয়ে আসা সুইচ টেপার মত কোনো বিষয় নয়।”

তবে তিনি বলেন, “পরিবর্তনের কাজ অবিলম্বেই শুরু হবে। আমাদের কাজ জরুরি। আজই আমরা তা শুরু করব।”

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। সেখানে ৪১২টি আন জিতে নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে।

২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা রক্ষণশীলদের যে ভরাডুবি হতে চলেছে, তা অনুমিতই ছিল। বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। অর্থাৎ দুইশর বেশি আসন তারা হারিয়েছে।