০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৪০

২৪৩ জন আরোহী নিয়ে জাভা সাগরে বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে ফেরিটি

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৪০
ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বানজারমাসিন যাওয়ার পথে জাভা সাগরে ফেরিটি ডুবে যায়। ছবি: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 03:45 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ইন্দোনেশিয়ার জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪০ জন। 

ফেরিটি থেকে ৯৭ জনকে সরিয়ে নেওয়ার পর সেটি ডুবে যায়, ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।   

সংস্থাটি জানায়, মোট ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে, এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। 

ফেরিতে থাকা নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে বিবিসি।

ফেরিটি জাভা দ্বীপের সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির শেষ অবস্থান রেকর্ড করা হয়।

ফেরিটির নিখোঁজ আরোহীদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ছবি: রয়টার্স 

ফেরিটির নিখোঁজ আরোহীদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে

কর্তৃপক্ষ ভোর ৪টা ১০ মিনিটের দিকে ফেরিটির পরিচালনা কোম্পানি পিটি ভার্গো থেকে দুর্ঘটনার প্রাথমিক খবর পায়। ফেরিটি শনিবার রাত ১০টা ৩৩ মিনিটে সুরাবায়া থেকে রওনা হয়েছিল। রোববার দুপুর ২টায় এটির বানজারমাসিনে পৌঁছার কথা ছিল। 

উদ্ধার অভিযান চালাতে ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা, নৌবাহিনী, সামুদ্রিক পুলিশ ও অন্যান্য পক্ষগুলো নিয়ে একটি জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

এর পাশাপাশি জাভা সাগরের ওই অঞ্চলে অবস্থানরত অন্য সব জলযানকে কোনো আরোহী বা ধ্বংসাবশেষ চোখে পড়লে দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে দেশটির মাদুরা দ্বীপের উপকূলে পৃথক একটি ফেরিতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

বিবিসি লিখেছে, ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য ফেরি অত্যন্ত জনপ্রিয় ও প্রধান একটি যোগাযোগমাধ্যম।