হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরার ঘটনা বিশ্ববাসীর সামনে আনলেন পোপ
ইরাকে এক সফরের সময় পোপ ফ্রান্সিসকে হত্যার ষড়যন্ত্র হয়। আত্মজীবনীতে সে ঘটনা তুলে ধরেছেন পোপ।
হত্যার ষড়যন্ত্র আর তা নস্যাৎ হওয়ায় প্রাণে বেঁচে ফেরার অতীত ঘটনা এবার গোটা বিশ্বের সামনে নিয়ে এসেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
ইরাকে এক সফরের সময় তাকে বোমা হামলা চালিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সে ঘটনাই পোপ ফ্রান্সিস সবিস্তারে তুলে ধরেছেন তার আত্মজীবনীতে।
‘হোপ’ নামের এই আত্মজীবনী বিশ্বজুড়ে প্রকাশ পাচ্ছে আগামী বছর ১৪ জানুয়ারিতে। ইতিহাসে কোনও পোপের আত্মজীবনী এই প্রথম সামনে আসতে চলেছে।
বিবিসি জানায়, বইটি প্রকাশের আগে এর পান্ডুলিপি থেকে কিছু চৌম্বক অংশ প্রকাশ করেছে ইতালির পত্রিকা ‘কোরিয়ারে ডেলা সেরা’। আর তাতেই বেরিয়ে এসেছে শান্তির দূত পোপকে হত্যাচেষ্টার ওই ঘটনা।
আত্মজীবনীতে পোপ লিখেছেন, তিন বছর আগে ২০২১ সালের মার্চে ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার প্রাণনাশের চক্রান্ত হয়েছিল। পোপ হিসাবে ইরাকে সেটাই ছিল তার প্রথম সফর।
করোনাভাইরাস মহামারীর সময় তিনদিনের বেশি সময়ের এই সফরে গিয়েছিলেন পোপ। বাগদাদে পা রাখতেই তাকে বলা হয়েছিল, দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাকে হত্যার নিশানা করেছে।
দুই আততায়ীই পরে ধরা পড়ে এবং তাদেরকে মেরে ফেলা হয় বলে উল্লেখ করেন পোপ ফ্রান্সিস। তার ইরাক সফরের কয়েকবছর আগে থেকেই দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে গিয়েছিল।
শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে লড়াইয়ের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নিপীড়ন চলছিল তখন। ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সে সময় নাটকীয়ভাবে কমে এসেছিল।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ও অন্যান্য উগ্রপন্থি সুন্নি গোষ্ঠীগুলো খ্রিস্টান সম্প্রদায়কে হামলার নিশানা করেছিল। আত্মজীবনীতে পোপ লিখেছেন, প্রায় সবাই তাকে ইরাক সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি এই সফরে যাওয়ার তাগিদ বোধ করেছিলেন।
ব্রিটিশ গোয়েন্দারা তার ওপর হামলার চক্রান্তের বিষয়টি জেনে গিয়েছিল বলে জানান পোপ। তার প্রাণনাশের হুমকির কথা ব্রিটিশ গোয়েন্দারা পরে ভাটিকান সিটিকে জানিয়েছিলেন। তখন পোপের নিরাপত্তা বাড়ানো হয়।
ইরাকের পুলিশকে বিষয়টি জানানো হলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পোপের নিরাপত্তা নিয়ে তখন চিন্তিত ছিল ভাটিকান সিটি। তবে সে যাত্রায় বেঁচে ফেরেন পোপ ফ্রান্সিস।
আত্মজীবনীতে পোপ লিখেছেন, এক নারী আর এক তরুণ আত্মঘাতী বোমা হামলাকারী তার সফরের সময় বোমার বিস্ফোরণ ঘটাতে ইরাকের মসুলের দিকে আসছিল। একই উদ্দেশ্যে দ্রুতগতির একটি ভ্যানও পাঠানো হয় তাকে হত্যা করতে।
বিষয়টি জানার পরদিন ওই আততায়ীদের কী হল সে ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জানতে চান পোপ। কর্মকর্তারা তখন জবাবে বলেন, তারা আর নেই। ইরাকের পুলিশ তাদেরকে ধরে ফেলেছে এবং হত্যা করেছে।
