চক্রান্তের অভিযোগ: ‘ইরানপন্থি গোষ্ঠীর’ সদস্যদের গ্রেপ্তার করেছে আমিরাত
দেশটির স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের অভিযোগ, এসব ব্যক্তি সন্ত্রাসী হামলার পরিকল্পনাসহ গোপন কার্যক্রমে জড়িত ছিল।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইরানপন্থি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির ‘স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট’ সোমবার বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের জাতীয় ঐক্য বিনষ্ট ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিল।
সরকারের অভিযোগ, আমিরাতের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো ও নাশকতার পরিকল্পনা ছিল তাদের। সংগঠনটির সদস্যরা গোপন কার্যক্রমেও জড়িত ছিল।
তাদের সঙ্গে ইরানের ‘উইলায়াত আল-ফাকিহ’ মতবাদের যোগসূত্র থাকার কথাও বলেছে আমিরাত সরকার।
স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা উগ্র সন্ত্রাসবাদী মতাদর্শ গ্রহণ করেছিল, যা আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি।
বিদেশি সংস্থার সমন্বয়ে গোপন বৈঠক করে তারা সদস্য সংগ্রহ ও মতাদর্শগত প্রচার চালাত বলেও অভিযোগ আমিরাত সরকারের।
স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট গ্রেপ্তার ২৭ জনের ছবিসহ পরিচয় প্রকাশ করেছে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে।
আমিরাত সরকারের অভিযোগ, এসব ব্যক্তি বিভিন্ন দেশে বসে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গোপন বৈঠক করেছে।
তাদের বিরুদ্ধে আমিরাতের তরুণদের মধ্যে ভুয়া তথ্য ছড়ানো এবং সরকারের নীতির বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ পাওয়ার কথাও বলেছে আমিরাত সরকার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।
এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। এসব দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।
