Published : 07 Jul 2026, 07:46 PM
সৌদি আরব পাকিস্তানি এবং অন্যান্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল 'প্যাকেজ ভিসা' চালু করেছে। এর মাধ্যমে একই প্যাকেজে ভ্রমণকারীরা পর্যটন ভিসা আবেদনের সঙ্গেই ফ্লাইট ও হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা পেয়ে যাবে।
আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে ভ্রমণ আরও সহজ, সুবিধাজনক ও নির্বিঘ্ন করতেই পাকিস্তান ও অন্যান্য দেশের ভ্রমণকারীদের জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটি।
সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ এই উদ্যোগ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ ভিসা প্যাকেজ চালু করা হচ্ছে।
সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসার বৈশিষ্ট্য:
*যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
*প্যাকেজে যাতায়াতের জন্য বিমানভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে।
*দর্শনার্থীরা তাদের নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন দর্শনীয় স্থানের অনুষ্ঠান, কর্মসূচি ও পর্যটন-অভিজ্ঞতা এই প্যাকেজে যুক্ত করতে পারবেন।
* এর ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
* কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবার ব্যবস্থা থাকা অনুমোদিত সংস্থাগুলো এ ধরনের পরিষেবা দিতে পারবে।
গালফ নিউজ লিখেছে, সৌদি আরবের ভিশন ২০৩০ এর আওতায় পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে এই নতুন প্যাকেজ ভিসা চালু করা হচ্ছে। সৌদি পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরব নিউজ জানায়, সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব নতুন এই প্যাকেজ ভিসা নিয়ে বলেছেন, "সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে।
“ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া এক করে পুরো ভ্রমণ পরিকল্পনা করায় তা ভ্রমণকারীদের জন্য আগের তুলনায় অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এই প্যাকেজ ভিসা ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে ভ্রমণ আরও অবাধ করার আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”
সৌদি আরব আরও সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রেও এই পদক্ষেপ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পর্যটকদের জন্য ই-ভিসা কর্মসূচি চালুর পর থেকে সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসা-সহ বেশ কিছু নমনীয় প্রবেশব্যবস্থা চালু করেছে। এর ফলে দেশটির পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে। ২০২৫ সালে দেশটি ২ কোটি ৯গ লাখেরও বেশি পর্যটক আকৃষ্ট করেছে।