০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বন্ধু ভারতকে কৃতজ্ঞতা’, খামেনির জানাজায় অংশ নেওয়ায় ইরানের বার্তা

নয়াদিল্লিস্থ ইরানি দূতাবাস ভারতের এই পদক্ষেপকে পারস্পরিক শ্রদ্ধার এক শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে।

‘বন্ধু ভারতকে কৃতজ্ঞতা’, খামেনির জানাজায় অংশ নেওয়ায় ইরানের বার্তা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 07:53 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ায় ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইরান। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, নয়াদিল্লিস্থ ইরানি দূতাবাস ভারতের এই পদক্ষেপকে ‘পারস্পরিক শ্রদ্ধার এক শক্তিশালী বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেছে, যা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকে প্রমাণ করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পর এ মাসে তেহরানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছে।

গত শুক্রবার তেহরানে পৌঁছে প্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন-সহ ভারতীয় প্রতিনিধি দল।

এছাড়া কংগ্রেস নেতা সালমান খুরশিদ, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি এবং ভারতের শিখ, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান ধর্মীয় নেতারাও খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ইরানি দূতাবাস ভারতীয় কর্মকর্তাদের এই অংশগ্রহণের প্রশংসা করে বলেছে, “এই বন্ধুত্ব, সমবেদনা এবং আন্তরিক শ্রদ্ধার নিদর্শন ইসলামিক প্রজাতন্ত্র কখনই ভুলবে না।”

বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামিক রিপাবলিক অব ইরানের শহীদ নেতা মহামান্য আয়াতুল্লাহ সাইয়দ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভারতের বন্ধুত্বপূর্ণ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে উপস্থিত সরকারি প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।"

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “ভারতের রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট পণ্ডিত, বুদ্ধিজীবী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের এই উপস্থিতি দুই দেশের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধনকে ফুটিয়ে তুলেছে।” 

বিবৃতিতে আরও বলা হয়, “এটি জাতীয় শোকের এই কঠিন সময়ে ইরানের জনগণের সঙ্গে আন্তরিক সংহতি প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত। ইরানের জনগণ এই বন্ধুত্বকে চিরকাল মনে রাখবে এবং একে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার মূল্যবান ভিত্তি হিসেবে বিবেচনা করবে।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার সকাল থেকে তেহরানে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের মূল শোভাযাত্রা শুরু হয়েছে। 

দীর্ঘ দশ থেকে বারো ঘণ্টা স্থায়ী হতে চলা এই শোভাযাত্রার পুরো রুটজুড়ে লাখ লাখ শোকার্ত মানুষ ভিড় জমিয়েছেন, যাকে দেশটির আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড় জনসমাবেশ’ হিসেবে বর্ণনা করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।