২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ‘আরেক পর্ব’ বৈঠকে বসতে ইরান, যুক্তরাষ্ট্র আলোচনা

চলমান অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদ বৈঠকের ধারাবাহিকতায় আরেকটি বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 02:31 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ফের যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে ও দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতির লক্ষ্যে আরেক পর্ব মুখোমুখি বৈঠক আয়োজন নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা করেছে। 

বিষয়টি সম্পর্কে অবগত লোকজনকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এমনটি জানিয়েছে।  

চলমান অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদ বৈঠকের ধারাবাহিকতায় আরেকটি বৈঠক করা নিয়ে কথা হয়েছে। ৮ এপ্রিল শুরু হওয়া চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি আর এক সপ্তাহ পর শেষ হওয়ার কথা রয়েছে। 

গত শনিবার পাকিস্তানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে হওয়া মুখোমুখি বৈঠক ব্যর্থ হওয়ার পরও উভয়পক্ষ কূটনৈতিক চ্যানেল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিল। তারই ধারাবাহিকতায় আরও একটি বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছে পক্ষ দুটি।    

ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তাই এবারও বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদের নাম আলোচিত হচ্ছে।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে তারা আর তারা উভয়পক্ষের সঙ্গেই ‘সম্পৃক্ত’ আছে।     

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে সম্ভাব্য বৈঠকের এ আলোচনা হচ্ছে। এই অবরোধকে ঘিরে পুরো অঞ্চলজুড়ে ফের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে আর জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতায় বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।