১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

রুবিও নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ‘বিকল্প পথ’ খোঁজার আগে কূটনীতিকে সফল করার সবরকম সুযোগ দেবে।

ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও
ভারতের রাজধানী নয়া দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হয় একটি ভালো চুক্তি করবে অথবা দেশটি মোকাবেলায় ‘অন্য পথ’ খুঁজে বের করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

এর আগে শনিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, কেবল ঘোষণার অপেক্ষা। কিন্তু রোববার ট্রাম্প আলোচনার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধিদলকে ইরানের সঙ্গে চুক্তি করা নিয়ে কোনও তাড়াহুড়া না করার নির্দেশনা দেন। এতে তিনমাস ধরে চলা যুদ্ধের আশু অবসানের আশা ফিকে হয়ে এল বলেই মনে করা হচ্ছে।

এ পরিস্থিতিতে ভারত সফরে থাকা রুবিও সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ‘বিকল্প পথ’ খোঁজার আগে কূটনীতিকে সফল করার সবরকম সুযোগ দেবে।  

রুবিও জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেবে ও যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে আর পরবর্তীতে পারমাণবিক বিষয়টি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে, এরকম একটি ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

একদিন আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “চুক্তি চূড়ান্ত হয়ে তাতে সই না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর অবরোধ সম্পূর্ণ ভাবে কার্যকর থাকবে।”

ট্রাম্প আরও বলেছেন, উভয়পক্ষের উচিত সময় নিয়ে চুক্তিটি ঠিকভাবে করা। ভুল করা যাবে না। 

রয়টার্স জানিয়েছে, এসব বিষয়ে ইরানের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। শুধু ইরানের ইসলামিক রেভল্যুশানি গার্ড কোর সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির একটি অংশ নিয়ে বাধ সাধছিল যার মধ্যে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টিও আছে। 

যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তির চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, এমন আশাবাদের মধ্যে সোমবার তেলের মূল্য দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ৬ শতাংশ হ্রাস পেয়েছে।