সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে বাতিল কিংবা বিলম্বিত হাজারো ফ্লাইট
৪০টি বিমানবন্দরে ১৪ নভেম্বরের মধ্যে বিমান চলাচল ১০% কমাতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের জরুরি নির্দেশের পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে এই বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর জেরে হাজার হাজার ফ্লাইট বাতিল হচ্ছে কিংবা ফ্লাইটে দেরি হচ্ছে। ভ্রমণকারীরা পড়েছেন ঘোর সংকটে।
শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়। এদিন সকালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০ টি বিমানবন্দরে ৮ শতাধিক বেশি ফ্লাইট বাতিল হওয়ার কথা জানিয়েছিল ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার।
স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করে ১৭০ টির বেশি ফ্লাইট। সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রায় ১২০ টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করে ৬৪ টি ফ্লাইট। আর যুক্তরাষ্ট্রে ভেতরে এবং বাইরে শুক্রবার দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ১,২৩৮। একসঙ্গে বাতিল হয় আরও ৮২৪ টি ফ্লাইট।
ফ্লাইটএওয়ারের তথ্যমতে, এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে বাতিল হয়েছিল প্রায় ২০০ ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে ১০ শতাংশ কমাতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর জরুরি নির্দেশের পর দেশজুড়ে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হতে শুরু করেছে।
এফএএ বলেছে, তারা শুক্রবার থেকে ৪ শতাংশ ফ্লাইট কমানো শুরু করছে। ১১ নভেম্বর পর্যন্ত তা বাড়িয়ে ৬ শতাংশ করা হবে, ১৩ নভেম্বর পর্যন্ত এই হার দাঁড়াবে ৮ শতাংশে এবং ১৪ নভেম্বর নাগাদ ১০ শতাংশ পূর্ণ হবে।
এই হারে ফ্লাইট কমানোর ফলে প্রতিদিন ৪ হাজার ফ্লাইট বিঘ্নিত হতে পারে বলে এফএএ সতর্ক করেছে। যেসব বিমানবন্দরে ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে সেগুলোর তালিকাও দিয়েছে এফএএ।
এর মধ্যে আছে- সাউদার্ন ইউএস এর ৫ টি আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লোরিডার ৪ টি আন্তর্জাতিক বিমানবন্দর, টেক্সসের ৪ টি, ওয়াশিংটন ডিসি’র ৪ টি, ক্যালিফোর্নিয়ার ৫ টি, নর্থওয়েস্ট এর ৩ টি, মিডওয়েস্ট এর ৫ টি, ওয়েস্টার্ন বিমানবন্দর ৪ টি, নিউ ইয়র্ক ও নিউ জার্সির ৬ টি এবং হাওয়াইয়ের হনোলুলু আন্তর্জাতিক বিমানবন্দর।
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শাটডাউন ৩৬তম দিনে পড়েছে। বাজেট সংকটে সরকারি কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়েছে। ১,৩০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০,০০০ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে।
সরকারি তহবিল গত ১ অক্টোবর শেষ হয়ে যাওয়ার পর অধিকাংশ ফেডারেল কর্মীকে বাড়ি পাঠানো হয়েছে। বলা হয়েছে, সরকার পুনরায় চালু হলে তারা বেতন পাবেন। তবে যারা 'অত্যাবশ্যক কর্মী হিসেবে বিবেচিত, যেমন ফ্লাইট নিয়ন্ত্রণকারীরা, তাদেরকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে।
শাটডাউন শুরু হওয়ার পর থেকেই বিমানবন্দরগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছিল। কিছু বিমানবন্দর ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট স্থগিত রাখতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ সপ্তাহের শুরুতেই সতর্ক করে বলেছিলেন, ফ্লাইট বাতিলের আশঙ্কা আছে। কারণ, যুক্তরাষ্ট্রের ৩০টি প্রধান বিমানবন্দরের অর্ধেকেই কর্মী সংকট দেখা দিয়েছে।
