০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৪১

ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল। মাদুরা দ্বীপের কাছে পৌঁছালে এতে আগুন লাগে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৪১
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 11:45 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ইন্দোনেশিয়ায় সাগরে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজনের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। ফেরিটিতে অন্তত ২৫০ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, ফেরিটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল। মাদুরা দ্বীপের কাছে পৌঁছালে এতে আগুন লাগে বলে খবর দেন ফেরির ক্যাপ্টেন।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অনেক মানুষ একটি লাইফবোটে ভাসছেন।

অন্য কয়েকটি ভিডিওতে দেখা যায়, ফেরির ওপর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে আর জীবন বাঁচাতে সেখান থেকে নেমে আসার চেষ্টা করছেন যাত্রীরা।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস একটি টিকটক ভিডিও পোস্ট করে এক বিবৃতিতে বলেছে, সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় তথ্য পেয়েছে যে, যাত্রীবাহী জাহাজ কেএমপি মুতিয়ারা সেনোটা ২ -এ আগুন লেগেছে।

বাসার্নাস পরে জানায়, ফেরিটি প্রায় সম্পূর্ণ আগুন গ্রাস করে নিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। তবে কিভাবে ফেরিতে আগুন লাগল তা জানা নেই বলে জানানো হয়েছে বিবৃতিতে।