Published : 07 Jul 2026, 02:34 PM
সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সফর চলাকালে রাজধানী দামেস্কে অন্তত দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টেলিভিশনে দেখানো ভিডিও ফুটেজে দামেস্কের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি আর হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, একটি ব্যস্ত বেসামরিক এলাকায় দুটি বিস্ফোরণ ঘটেছে। ঘটনাগুলোকে তিনি ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অনলাইনে আসা একটি ভিডিও ফুটেজ যাচাই করে আল জাজিরা জানিয়েছে, তাতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
আল জাজিরার একজন সংবাদাতা জানিয়েছেন, সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের আর দেশটি সফরকালে মাক্রোঁর যে হোটেলে অবস্থান করার কথা তার কাছেই বিস্ফোরণগুলো ঘটেছে।
দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করার কথা আছে সফরকারী ফরাসি প্রেসিডেন্টের।
মাক্রোঁর দপ্তর জানিয়েছে, ঘটনাটি যখন ঘটেছে তখন মাক্রোঁ শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তিনি বিস্ফোরণগুলোর শব্দ শুনেননি আর তার সফর স্বাভাবিকভাবেই চলছে।
আল জাজিরার এক সাংবাদিক সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে জানিয়েছেন, সেখানে ‘বেশ শান্ত’ অবস্থা বিরাজ করছে।
কর্তৃপক্ষ রাস্তাগুলো বন্ধ করে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
গত সপ্তাহে দামেস্কের কেন্দ্রস্থলের এক ক্যাফেতে আরেকটি বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত ও আরও ২০ জন আহত হয়, জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।