১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিহারে বিক্ষোভরত শিক্ষার্থীদের দিকে একে-৪৭ দিয়ে গুলি করা পুলিশ সদস্য বরখাস্ত

ভাইরাল এক ভিডিওতে সিওয়ান জেলার এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায়।

বিহারে বিক্ষোভরত শিক্ষার্থীদের দিকে একে-৪৭ দিয়ে গুলি করা পুলিশ সদস্য বরখাস্ত
এই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 04:19 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ভারতের বিহার রাজ্যে প্রতিবাদরত শিক্ষার্থীদের দিকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। 

২৫ জুলাই ‘বিহার বনধ’ এর সময় রাজ্যটির সিওয়ান জেলায় ঘটনাটি ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, রাজ্যজুড়ে ওই হরতালের সময় বেশ কয়েকটি জেলায় ছাত্র সংগঠনগুলোর অনেকগুলো বিক্ষোভ দেখা যায়। বহু এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, বিহার পুলিশের সদরদপ্তর এই ভাইরাল ভিডিও ফুটেজটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে। ভিডিওতে সিওয়ান জেলার এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায়। এরপরই কর্তৃপক্ষ ওই কনস্টেবলকে বরখাস্ত করার নির্দেশ দেয়।  

ওই বিক্ষোভের সময় গুলিতে আহত তিন প্রতিবাদকারী পাটনার একটি হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে খবর। 

আহতদের মধ্যে মোহাম্মদ আরিফ নামের ১৫ বছর বয়সী এক কিশোর আছে। তার পরিবার জানিয়েছে, সে স্থানীয় এক দোকানের কর্মী। তার আত্মীয়রা জানান, দোকান বন্ধ হওয়ার পর বনধের মধ্যে সে বাড়িতে ফিরছিল, ওই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হলে ঘাড়ে গুলিবিদ্ধ হয় সে। 

ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। ছবি: এনডিটিভি

ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়

চিকিৎসকরা সফলভাবে গুলিটি বের করতে সক্ষম হয়েছে আর তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গেছে। 

বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা পোস্টে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। 

ভারতীয় লোকসভার বিরোধীদলীয় সদস্য রাহুল গান্ধী এই ঘটনাটি নিয়ে কথা বলেছেন আর অভিযোগ করে বলেছেন, সব জায়গায় একই ছক অনুসরণ করা হয়েছে। 

তিনি দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ চলাকালে ছররা গুলি ছোড়ার আর বিহারে একে-৪৭ দিয়ে গুলি করার দিকে ইঙ্গিত করেন। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব আর দায়িত্বপালনের সময় কোনো লঙ্ঘনের ঘটনা ঘটলে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, বিহারের ঘটনায় বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে আর এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে, আগ্নেয়াস্ত্রটির ব্যবহার পুলিশের নিয়মকানুন মেনে করা হয়েছিল কি না আর পরবর্তী কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে কি না। 

ওই বনধের দিন সিওয়ান জেলা শহরে বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয় আর তারা মিছিল নিয়ে গান্ধী ময়দানের দিকে যেতে থাকে। শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে মিছিল করে যাওয়ার সময় পরিস্থিতির অবনতি হয় আর এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।