১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অপহৃত ৩০৮ জনকে উদ্ধার নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর

দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু একে একই দিনে যৌথবাহিনীর পরিচালিত বৃহত্তম উদ্ধার অভিযান বলছেন।

অপহৃত ৩০৮ জনকে উদ্ধার নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর
নাইজেরিয়ার যৌথ বাহিনী নাইজার রাজ্যের কাইনজি হ্রদ জাতীয় উদ্যান বন থেকে অপহৃতদের সবাইকে উদ্ধার করে। ছবি: রেডিও নাইজেরিয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 03:07 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কোয়ারা ও নাইজার রাজ্য থেকে বিভিন্ন হামলার সময় অপহৃত ৩০৮ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।  

দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এটিকে একইদিনে যৌথবাহিনীর পরিচালিত বৃহত্তম উদ্ধার অভিযান বলে বর্ণনা করেছেন; জানিয়েছে রয়টার্স। 

বুধবার রাতে এক বিবৃতিতে টিনুবুর দপ্তর জানিয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারার কাইয়ামা জেলার ওরো গ্রাম থেকে আর বাকি ১৪৫ জনকে প্রতিবেশী নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল। 

কোয়ারার অপহৃতরা ফেব্রুয়ারিতে থেকে অপহরণকারীদের হাতে বন্দি ছিল। ওই সময় বন্দুকধারীরা গ্রামটিতে হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে হত্যা করেছিল। এটি চলতি বছরে নাইজেরিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ বাহিনী নাইজার রাজ্যের কাইনজি হ্রদ জাতীয় উদ্যান বন থেকে এদের সবাইকে উদ্ধার করে।  

অভিযান চলাকালে কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি না, বিবৃতিতে তা জানানো হয়নি।

দেশের বিভিন্ন অংশে বছরের পর বছর ধরে চলতে থাকা অপহরণ ও সশস্ত্র হামলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে নাইজেরিয়া। এসব ঘটনা নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে ওূ মানুষের জীবনজীবিকা ব্যাহত করছে। পাশাপাশি আসছে জানুয়ারিতে দ্বিতীয় ও শেষ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার আশায় থাকা টিনুবু সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার টিনুবু দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছেন। তার এই পদক্ষেপকে নিরাপত্তাহীনতা মোকাবেলায় সম্মুখসারিতে থাকা সেনাদের মনোবল ও কণ্যাল বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।