পাকিস্তানকে অত্যাধুনিক মার্কিন এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রেথিয়ন
ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানকে যুক্ত করে কোম্পানিটির চুক্তির সংশোধিত রূপ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি রেথিয়ন পাকিস্তানের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে।
ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানকে যুক্ত করে কোম্পানিটির চুক্তির সংশোধিত রূপ প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, বলছে ডন।
মার্কিন এ ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানি বিমানবাহিনী তাদের এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমানে সংযুক্ত করতে পারবে।
মার্কিন বিমান বাহিনীর জন্য চুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাধুনিক সি৮ ও ডি৩ এএমআরএএএম (আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) মডেল ও তা উৎপাদনে আগের চুক্তিতে থাকা অর্থ সামান্য পরিমার্জন করে আরও ৪ কোটি ১৬ লাখ ডলার যুক্ত করার সুযোগ দেওয়া হলো।
এই পরিমার্জনের ফলে চুক্তির মোট অর্থমূল্য ২৪৭ কোটি ডলার থেকে বেড়ে ২৫১ কোটি ডলারে দাঁড়াবে।
“আরিজোনার টুসনে কাজ হবে, ২০৩০ সালের ৩০-মে’র মধ্যে কাজ শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই চুক্তিতে বিদেশি সামরিক বাহিনীগুলোর মধ্যে থাকছে যুক্তরাজ্য, পোল্যান্ড, পাকিস্তান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, কোরিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক রিপাবলিক, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব, ইতালি, নরওয়ে, স্পেন, কুয়েত, ফিনল্যান্ড, সুইডেন, তাইওয়ান, লিথুয়ানিয়া, ইসরায়েল, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্ক,” বলা হয়েছে চুক্তিতে।
৭ মে-তে এএমআরএএএম সংক্রান্ত যে চুক্তিপত্র প্রকাশিত হয়েছিল, তাতে ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানের নাম ছিল না।
২০১৯ সালে পাকিস্তানি বিমানবাহিনী যখন ‘অপারেশন সুইফট রিটর্ট’ চালিয়েছিল এবং কাশ্মীরে পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করা দুটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল তখনও মার্কিন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলছে ডন।
২০০৭ সালে পাকিস্তান ৭০০টি এএমআরএএএম কিনেছিল, সেসময় এই ক্ষেপণাস্ত্রের এটিই ছিল সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রয়াদেশ।
এমন এক সময়ে রেথিয়নের কাছ থেকে এ ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানল পাকিস্তান, যখন ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে ব্যাপক দহরম মহরম দেখা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের এক নতুন পর্বে প্রবেশ করেছে বলেই দিন দিন প্রতীয়মান হচ্ছে, লিখেছে ডন।
দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নেওয়া থেকে শুরু করে সন্ত্রাসবিরোধী জঙ্গি সংগঠন আইএস-খোরাসানের এক সদস্যকে গ্রেপ্তারে পাকিস্তানের সহযোগিতার স্বীকৃতি দেওয়া, সব মিলিয়ে ট্রাম্পের প্রতিদিনকার সংবাদ ব্রিফিংয়ে প্রায়ই পাকিস্তানের নাম উঠে আসছে, যেমনটা এর আগের কোনো মার্কিন ‘কমান্ডার-ইন-চিফের’ ক্ষেত্রে দেখা যায়নি।
শুল্ক সংক্রান্ত আলোচনায় বড় ধরনের ছাড় নিশ্চিত করা, মার্কিন বিনিয়োগকারীদের পাকিস্তানের তেল ও খনিজ সম্পদের প্রতি আকৃষ্ট করানো এবং পাকিস্তানের মুদ্রা বাজার যে ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সির প্রতি ইতিবাচক তার আভাস দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইসলামাবাদই এখন দক্ষিণ এশিয়ায় চালকের আসনে আছে বলে মনে হচ্ছে, বলেছে ডন।
