১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ডাই সৈকতে নিহতদের স্মরণে অস্ট্রেলিয়ায় নীরবতা পালন

সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার এক সপ্তাহ পর অস্ট্রেলিয়াজুড়ে শোক করেছে মানুষ। নীরবতার পাশাপাশি ‘আলো অন্ধকারের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় স্মরণ দিবস।

বন্ডাই সৈকতে নিহতদের স্মরণে অস্ট্রেলিয়ায় নীরবতা পালন
বন্ডাই সৈকতে হামলায় নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর শোক পালন করছে অস্ট্রেলিয়রা। সিডনিতে রোববার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার স্থানীয় সময় ৬টা ৪৭ মিনিটে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এক সপ্তাহ আগে ঠিক এই সময়েই সৈকতে হামলাটি হয়েছিল। গত রোববার সমুদ্রসৈকতে একটি ইহুদি উৎসব চলাকালে দুই বন্দুকধারী গুলি চালালে ১৫ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হন।

হামলার ঘটনাটি বাবা ও ছেলে ঘটান। হামলার সময় পুলিশের গুলিতে বাবা সাজিদ আকরাম নিহত হন। আর তার ২৪ বছর বয়সী ছেলে নাবিদ আকরাম আহত হন। তার বিরুদ্ধে ১৫ টি হত্যার অভিযোগ এবং সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের অভিযোগ রয়েছে।

হামলার ঘটনার এক সপ্তাহ পর রোববার নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ঘেরা দেওয়া কিছু এলাকা পাহারায় রাখা হয় সশস্ত্র দাঙ্গা স্কোয়াড কর্মকর্তাদেরকে। বন্ডাই সৈকতের উপকূলে ছিল পুলিশ প্রহরা নৌকা।

অস্ট্রেলিয়দের অনেকেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সচরাচর দেখেনি। নিহতদের স্মরণে নীরবতা পালনের পর ভাষণ শুনতে  কিপ্পা পরে, ইহুদি স্কালক্যাপ পরে এবং অস্ট্রেলিয়ার পতাকা মুড়ে শোক অনুষ্ঠানে জড়ো হয় বহু মানুষ।

হামলায় সবচেয়ে কম বয়সী যারা মারা গেছে তাদের স্মরণে ওড়ানো হয় বি বেলুন। হামলায় নিহত হয়েছিল ১০ বছরের এক শিশু ওয়াল্টজিং মাটিল্ডা। তার স্মরণে সমবেত মানুষেরা গানও গেয়েছে। 

হামলা থেকে এক শিশুকে বাঁচাতে গুলির সামনে দাঁড়িয়ে প্রাণ হারানো ১৪ বছরের এক শিশুর নামও উচ্চারণ করেছে শোক জানাতে আসা মানুষেরা। শোক পালন অনুষ্ঠান শেষ হয় ইহুদিদের হানুক্কা মেনোরার ৯ মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে

রোববারের এই শোক পালন কর্মসূচি কেবল নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি কিংবা বন্ডাই সৈকতেই সীমাবদ্ধ ছিল না, বরং অস্ট্রেলিয়া জুড়েই শোক পালন হয়েছে। প্রতিটি ঘরে ঘরেই জ্বলেছে মোমবাতি।

অস্ট্রেলিয়ায় ‘আলো অন্ধকারের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে এই জাতীয় স্মরণ দিবস পালিত হয়েছে। সিডনিতে আয়োজিত শোক ও স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

তবে তিনি সেখানে পৌঁছাতেই তাকে লক্ষ্য করে উচ্চস্বরে বিদ্রুপ করা হয়, এতে তিনি কিছুটা হতচকিত হন। ভিড়ের মধ্য থেকে অন্তত একজন ‘আপনার হাতে রক্ত লেগে আছে’ বলে চিৎকার করেন। আরেকজন প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে ধরে ফেলে।

অনেকেরই ভাষ্য, সিডনির হামলা ঠেকাতে আরও অনেক কিছু করা যেত এবং করা উচিত। আলবানিজ এই সমালোচনা স্বীকার করে নিয়ে বলেছেন, “আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে আমার দায় স্বীকার করে নিচ্ছি।”

আলবানিজের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ আছে। এবছরের শুরুর দিকে আলবানিজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়।