২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলার ঘটনায় বিশ্বের প্রতিক্রিয়া

সিডনির ভিড়ে ঠাসা বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা গভীর শোক, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলার ঘটনায় বিশ্বের প্রতিক্রিয়া
বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির ভিড়ে ঠাসা বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা গভীর শোক, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ:

তিনি বলেছেন, ‘যে দিনটি হতে পারত আনন্দের’ সেই দিনেই অস্ট্রেলীয়দেরকে নিশানা করে সৈকতে এই গুলি চালানো হয়েছে।

“এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা। আমাদের জাতির জন্য এ এক অন্ধকার মুহূর্ত। আমাদের পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এ ঘটনার সঙ্গে জড়িত যে কাউকে শনাক্ত করতে কাজ করছে।”

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা সুসান লি রোববারের হামলার এই রাতকে গভীর শোকের বলে মন্তব্য করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার:

“অস্ট্রেলিয়া থেকে আসা গভীর মর্মান্তিক (হামলা) খবর। বন্ডাই বিচে সংঘটিত এই ভয়ঙ্কর হামলায় ক্ষতিগ্রস্ত সবার জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।”

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন:

“অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বন্ধুর চেয়েও ঘনিষ্ঠ। আমরা একটি পরিবার। অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকত থেকে আসা গভীর মর্মান্তিক (হামলা) খবরে আমি স্তম্ভিত। হামলায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার এবং নিউজিল্যান্ডের জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সার:

“অস্ট্রেলিয়ার সিডনিতে হানুক্কাহ উৎসব চলাকালে প্রাণঘাতী গুলির ঘটনায় আমি হতভম্ব। অস্ট্রেলিয়ার রাস্তায় গত দুইবছর ধরে ইহুদি-বিদ্বেষী তাণ্ডবেরই ফল এই হামলা।”

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন:

“বন্ডাই সৈকতে মর্মান্তিক হামলায় আমি মর্মাহত। হামলার শিকার যারা হয়েছেন তাদের প্রিয়জন ও পরিবারের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি। 

“ইউরোপ বিশ্বের যে কোনওখানে অস্ট্রেলীয় ও ইহুদি সম্প্রদায়ের পাশে আছে। আমরা সহিংসতা, ইহুদিবিদ্বেষ এবং ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ,” বলেন ফন ডার লিয়েন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়ের আলবারস:

“অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় আমি আতঙ্কিত। হামলার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, তাদের প্রিয়জন এবং অস্ট্রেলিয়ার জনগণ ও সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

“আমাদের সমাজে ঘৃণা, ইহুদিবিদ্বেষ এবং সহিংসতার কোনও স্থান নেই।”

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোয়ের:

তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ইহুদিদের হানুক্কাহ উৎসব চলাকালে ভয়াবহ হামলার ঘটনায় আমি হতবাক। আমি তীব্র ভাষায় এই জঘন্য সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানাচ্ছি। 

“আজকের এই মর্মান্তিক হামলায় যারা ভুক্তভোগী হয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন:

ইহুদি সম্প্রদায়কে নিশানা করে সিডনিতে চালানো হামলার ঘটনায় আমি হতভম্ব। হামলায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা। ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়া ঠেকাতে আমাদেরকে একসঙ্গে লড়তে হবে।”

ফ্রান্সের প্রেসিডেন্টন ইমানুয়েল মাক্রোঁ:

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “ফ্রান্স ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই চালিয়ে যাবে।”