১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি।

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 02:49 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

নেদারল্যান্ডসের আমস্টারডামে এক বিস্ফোরণে একটি ইহুদি স্কুল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

এক বিবৃতিতে মেয়র ফেমকে হালসেমা জানান, শনিবার ভোরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাকে তিনি ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করেছেন। 

আমস্টারডামের দক্ষিণ অংশে একটি অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত স্কুলটিতে হওয়া ওই বিস্ফোরণের ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুতই পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন, মেয়রের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিস্ফোরণটি কীভাবে হয়েছে, কে বা কারা হামলা করেছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

শুক্রবার দিবাগত রাতে রটারডামের কেন্দ্রস্থলে একটি ইহুদি উপসনালয়ে অগ্নিসংযোগের ঘটনার পর নেদারল্যান্ডসের রাজধানীর সব সিনাগগ ও ইহুদি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নেদারল্যান্ডসের প্রতিবেশী বেলজিয়ামের লিয়েজে সোমবার এক সিনাগগে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।      

“ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে হওয়া কাপুরুষোচিত কাজ এটা। আমস্টারডামের ইহুদি সম্প্রদায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের (এন্টিসেমেটিজম) মুখোমুখি হচ্ছে। এটা অগ্রহণযোগ্য,” বলেছেন মেয়র হালসেমা।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং এর পাল্টায় তেহরানের আঘাতের পর বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বেড়েছে, বলছে রয়টার্স।