Published : 12 Aug 2026, 12:08 PM
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে একটি কার্গো জাহাজে ইরান সমর্থিত হুতিদের হামলায় চার নাবিক নিহত হয়েছে বলে ইয়েমেনের সৌদি আরব সমর্থিত সরকারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, প্রণালিটিতে আরেকটি হামলায় হুতি বিরোধী সামরিক গোষ্ঠী ন্যাশনাল রেজিট্যান্স ফোর্সেস (এআরএফ) এর দুই উদ্ধারকারী নিহত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের এক বন্দরের দিকে এগোতে থাকা একটি কন্টেইনারবাহী জাহাজে আঘাত হেনেছে।
রয়টার্স জানিয়েছে, মিশরের মালিকানাধীন জাহাজ তিহামাতে মঙ্গলবার ঘটা হতাহতের ঘটনাটি নিশ্চিত হলে তা ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে হুতিদের হামলায় প্রথম মৃত্যুর ঘটনা হবে।
একই দিন পরে হুতিরা জানায়, তারা বাব আল-মান্দেবে সৌদি সামরিক রসদবাহী একটি জাহাজে আঘাত হেনেছে। তবে তারা জাহাজটির নাম বলেনি।
সৌদি আরবের সেন্ট্রার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাজ্যের নৌবাহিনী সংশ্লিষ্ট সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার বাব আল-মান্দেবে এক জাহাজে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
রয়টার্স জানিয়েছে, তারা নৌযানটির আগের ছবিগুলোর সঙ্গে ডেক ও মাস্তুলের আকার মিলিয়ে কার্গো জাহাজটিকে তিহামা বলে নিশ্চিত হয়েছে।
জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, ১১ অগাস্ট, মঙ্গলবার তিহামা ইয়েমেনের মুরাদ এলাকার কাছে ছিল। ইয়েমেনের কোস্টগার্ডের দুই সূত্র ও দুইজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা ওই এলাকায় একটি ছোট কার্গো জাহাজে হামলা চালিয়েছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি অ্যামব্রি জানিয়েছে, ১১ অগাস্ট তিহামা জাহাজটিতে হামলা হয়েছে। হামলার সময় জাহাজটি ইয়েমেনের পেরিম দ্বীপের উত্তরপূর্বে নোঙর করা ছিল।
ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিক নিহত হয়েছে। হামলা হওয়ার পর ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকারীরা জাহাজটির কাছে যাওয়ার পর সেখানে আবার হামলা চালায় হুতিরা, তাতে এনআরএফের দুই উদ্ধারকারী নিহত হয়। দুই হামলায় সাত ক্রু সদস্য, কোস্টগার্ডের দুই সদস্য ও এনআরএফের এক সদস্য আহত হয়।
হুতিরা ২০ জুলাই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ-অবরোধের ঘোষণা দেয়। সৌদি আরবের একটি অবরোধের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি হুতিদের। কিন্তু সৌদি আরব ইয়েমেনে কোনো ধরনের অবরোধ আরোপের কথা প্রত্যাখ্যান করেছে।
এর আগে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত হুতিরা লোহিত সাগর ও বাব আল-মান্দেবে চলাচলরত বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছিল। তারপর থেকে এই জলপথে জাহাজ চলাচল ৫০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
পাকিস্তানের উপকূলে হামলা
পৃথক আরেক ঘটনায় ওমান উপসাগরের পাকিস্তানের উপকূল ধরে ইরানি এক বন্দরের দিকে এগোতে থাকা পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ ভেলা নোভাতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ভেলা নোভা লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে জাহাজটির স্টিয়ারিং গিয়ার অকেজো হয়ে যায়।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বারবার হুঁশিয়ার করার পরও জাহাজটি ইরানি বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ-অবরোধ লঙ্ঘনের বিরুদ্ধে সতর্কবার্তা উপেক্ষা করছিল।
এপ্রিলে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে ১২তম জাহাজে হামলা চালালো মার্কিন বাহিনী। ১৪ জুলাই অবরোধ ফের আরোপ করার পর থেকে তাদের হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি।
ঘটনার সময় ভেলা নোভা পাকিস্তান উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল (১৩১ কিলোমিটার) দূরে ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গোষ্ঠী ভ্যানগার্ড। হামলার পর জাহাজটি অকেজো হয়ে থেমে যায়।