ভয়াবহ খরা: খাবার জোগাতে কয়েকশ প্রাণী নিধন করবে নামিবিয়া
৩০ জলহস্তী, ৬০ মহিষ, ৫০ ইম্পালা, ১০০ ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০ জেব্রা, ৮৩ হাতি এবং ১০০ এল্যান্ডসহ মোট ৭২৩টি প্রাণী রয়েছে হত্যার তালিকায়।
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ শতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে। অনাবৃষ্টিতে সৃষ্ট এই খরায় দেখা দিয়েছে খাদ্য সংকট।
তাই ক্ষুধার্ত মানুষের জন্য মাংসের জোগান দিতে কয়েক ডজন হাতি এবং জলহস্তীসহ শত শত বন্য প্রাণী হত্যার পরিকল্পনা করেছে সরকার।
৩০টি জলহস্তী, ৬০টি মহিষ, ৫০টি ইম্পালা, ১০০টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা, ৮৩টি হাতি এবং ১০০টি এল্যান্ডসহ (এক ধরনের হরিণ) মোট ৭২৩টি প্রাণী রয়েছে এ তালিকায়।
ইতোমধ্যে দেড় শতাধিক প্রাণী হত্যা করা হয়েছে এবং এ থেকে প্রায় ৬৩ টন মাংস পাওয়া গেছে, বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
নামিবিয়া খরাপ্রবণ দেশ, প্রায়ই দেশটি খরার কবলে পড়ে। ২০১৩, ২০১৬ এবং ২০১৯ সালে তীব্র খরার সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
নামিবিয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের কান্ট্রি ডিরেক্টর জুলিয়ান জেইডলার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চলমান খরা ব্যাপক ধ্বংসাত্মক হয়ে উঠেছে।
ইউরোপীয় কমিশনের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে বতসোয়ানায় শুরু হওয়া খরা- অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় ছড়িয়ে পড়ে তীব্রতর হয়।
দেশটির পরিস্থিতি এত খারাপ হয়েছে মূলত এল নিনোর কারণে। সাত বছর পর ২০২৩ সালে এল নিনো আবার ফিরে এসেছে। ফলে বিশ্বের অনেক অঞ্চলে খরা এবং বন্যার মত নানা অসঙ্গতি দেখা দিয়েছে।
এছাড়াও, অসংখ্য গবেষণায় দেখা গেছে যে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে খরা এবং বন্যার মতো আবহাওয়ার ভারসাম্যহীনতা তীব্র হয়ে উঠেছে।
নামিবিয়ায় সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খাদ্য সংকট দেখা দেয়। খরার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির প্রধান ফসলের মধ্যে অন্যতম ভুট্টাও নষ্ট হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে।
জাতিসংঘের একজন মুখপাত্র ২৩ অগাস্ট বলেছেন, দেশের প্রায় ৮৪ শতাংশ মজুদ রাখা খাদ্য শেষ হয়ে গেছে। মজুদ কমে যাওয়ায় দাম এখন আকাশচুম্বী। ফলে বিপুল সংখ্যক মানুষ খাদ্য সংকটে পড়েছে।
তিনি বলেন, '২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে আনুমানিক ১২ লাখ মানুষ নামিবিয়ায় খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে।
‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (আইপিসি) জুলাই মাসে এক প্রতিবেদনে বলেছে, শহর ও গ্রামীণ উভয় অঞ্চলেই খাদ্য সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মকভাবে অপুষ্টি বেড়েছে। এমনকি কিছু অঞ্চলে মৃত্যুর খবরও পাওয়া গেছে।
তবে নামিবিয়া অবশ্য কেবল মাংসের চাহিদা মেটানোর জন্যই বন্য প্রাণী মেরে ফেলতে চাইছে না। এর আরেকটি কারণও আছে। সরকার আশঙ্কা করছে, খরার কারণে প্রাণীদের খাবার ও পানির অভাব দেখা দেবে, স্বাভাবিক ভাবেই তারা খাবারের খোঁজে জনবসতির দিকে আসবে এবং তা মানব জীবনের জন্য ঝুকিপূর্ণ হতে পারে।
কারণ, দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বন্য প্রাণী রয়েছে, যার মধ্যে হাতিই ২৪ হাজার।
পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করছে কিছু প্রাণী নিধন করতে পারলে বন্যপ্রাণীদের উপর খরার প্রভাব কমবে।
তাছাড়া মাংসের জন্য বণ্য প্রাণী নিধনও বিরল নয়। বিশ্বজুড়ে খাবার, খেলা এবং ট্রফির জন্য প্রাণী শিকার করা হয়ে থাকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নামিবিয়ার তালিকায় থাকা জেব্রা, ব্লু ওয়াইল্ডবিস্ট এবং ইম্পালার মতো প্রাণীর মাংস সাধারণত দক্ষিণ আফ্রিকা অঞ্চলের লোকেরা খায়।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আফ্রিকা অফিসের পরিচালক রোজ মাওয়েবাজা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, “প্রাণীর এ ধরনের ব্যবহার একটি টেকসই পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এমনকি, দেশীয় এবং আন্তর্জাতিক উভয় প্রতিশ্রুতি এবং আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।”
