Published : 14 Feb 2024, 11:49 AM
নির্মাণ কাজের সময় ‘শর্টকাট’ করতে গিয়ে চীনের মহাপ্রাচীরের বিরাট ক্ষতি করে ফেলেছেন শ্রমিকরা। তারা এক্সক্যাভেটর দিয়ে হাজার বছরের পুরনো প্রাচীরটির একটি অংশ ভেঙে এপাশ-ওপাশ যাওয়ার রাস্তা করে নিয়েছেন।
চীনের শানসি প্রদেশে ৩২তম মহাপ্রাচীরে থাকা একটি গর্তকে তারা আরও চওড়া করে ‘বড় ফাঁক’ তৈরি করেছেন, যেন সেখান দিয়ে এক্সক্যাভেটর আসা-যাওয়া করতে পারে। আসা-যাওয়ার পথ সংক্ষিপ্ত করতে গিয়ে তারা এ কাজ করেছেন বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৮ বছর বয়সী এক পুরুষ এবং ৫৫ বছর বয়সী এক নারীকে পুলিশ আটক করেছে। তারা মহাপ্রাচীরের ক্ষতিগ্রস্ত ওই অংশের কাছে কাজ করছিলেন।
কর্তৃপক্ষ বলছে, মিং রাজবংশের আমলে নির্মিত এ মহাপ্রাচীরের ‘অখণ্ডতা’ এবং সাংস্কৃতিক এ পুরানিদর্শনের ‘অপূরণীয় ক্ষতি’ করে ফেলেছেন শ্রমিকরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শানসির ইউয়ু কাউন্টিতে ৩২তম মহাপ্রাচীর মিং মহাপ্রাচীরের একটি অংশ। এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান হিসেবে শ্রেণিভুক্ত এবং প্রাদেশিক আইন দ্বারা সুরক্ষিত।
চীনের মহাপ্রাচীর ১৯৮৭ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এই প্রাচীরে প্রথম নির্মাণ শুরু হয়েছিল খ্রিষ্টপূর্ব ২২০ শতাব্দীতে। এরপর ১৬০০ শতকের মিং রাজবংশ পর্যন্ত এর নির্মাণ-পুনর্নির্মাণ অব্যাহত ছিল।
মিং রাজবংশের সময় এটি বিশ্বের বৃহত্তম সামরিক কাঠামো হয়ে দাঁড়ায়। বর্তমানে অধিকাংশ পর্যটক মহাপ্রাচীরের যে অংশটি পরিদর্শন করেন, তা মিং রাজবংশের আমলেই নির্মিত হয়েছিল, তাই এটিকে মিং মহাপ্রাচীরও বলা হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে)