১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি: সন্দেহ বাড়ায় ফুলের তোড়া, চালক গ্রেপ্তার

ভারতে দিল্লি বিধানসভা গেটের ব্যারিকেডে ধাক্কা মেরে একটি গাড়ি ঢুকে যায়। এ ঘটনাকে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতি হিসাবে দেখা হচ্ছে ৷

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি: সন্দেহ বাড়ায় ফুলের তোড়া, চালক গ্রেপ্তার
গাড়ি নিয়ে ভেতরে ঢুকে ফুলের তোড়া রেখে যান অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 08:00 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ভারতে সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রাজধানী দিল্লির বিধানসভা চত্বরে একটি গাড়ি ঢুকে পড়ায় উত্তেজনা ছড়ায়।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, দিল্লি বিধানসভার ২ নম্বর ভিআইপি গেটের ব্যারিকেডে ধাক্কা মেরে একটি গাড়ি ঢুকে যায়। অনুমতি ছাড়াই এভাবে ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় গাড়িটি। 

গাড়ি চালিয়ে আসা মুখোশধারী এক ব্যক্তি স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের সামনে একটি ফুলের তোড়া রেখে এবং গাড়িতে কালি ছিটিয়ে পালিয়ে যান। তবে কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর পুলিশ ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।

সোমবারের ঘটনাকে দিল্লি বিধানসভার নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের গাফিলতি হিসাবে দেখা হচ্ছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ি চালানোর সময় চালক মুখোশ পরেছিলেন৷ ওই ব্যক্তির রেখে যাওয়া ফুলের তোড়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে৷

মুখোশধারী চালক কোনও বিপদ না ঘটালেও তড়িঘড়ি বোমা নিষ্ক্রিয়কারী দল ডাকা হয় বিধানসভা চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভেতরে থাকা লোকজন। যদিও বিপজ্জনক কিছু মেলেনি। তবে এখনও স্পষ্ট নয়, কেন বিধানসভা চত্বরে ফুলের তোড়া রেখে গিয়েছিলেন ওই ব্যক্তি।

পুলিশ জানায়, বাজেয়াপ্ত হওয়া গাড়িটি সরবজিৎ সিং নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি উদ্ধার করা হয়েছে উত্তর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকা রুপনগর এলাকা থেকে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, গাড়িটি দিল্লি বিধানসভার ভেতরে প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় থাকলেও সেটিকে কেউ ধরতে পারেনি। এই ঘটনা আরও বেশি চিন্তার। 

বিধানসভার নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে এই ঘটনা। এত কড়া নিরাপত্তার বেড়াজাল ভেঙে এত সহজে কী করে ভিতরে ঢুকে পড়ল গাড়ি তা নিয়ে উঠছে প্রশ্ন। চলছে তদন্ত।