১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক জোরালো বক্তব্য দিয়েছিলেন। মার্কিন বাহিনী ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ইরানের নৌবাহিনীর সব নৌযান ধ্বংস কররতে মার্কিন সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক শুনানিতে জেনারেল কেইন বলেন, “ইরানি নৌবাহিনী পুরোপুরি পরাজিত হওয়ার দাবি করার পরও কিছু দ্রুতগামী আক্রমণকারী বোট এখনও হরমুজ প্রণালিতে সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনও ছোট ও উচ্চগতিসম্পন্ন নৌযান রয়ে গেছে।”

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক জোরালো বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, মার্কিন বাহিনী ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ইরানের পুরো নৌবাহিনীর সমান। তিনি আরও জোর দিয়ে বলেছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে।

তবে পেন্টাগনের বক্তব্য ট্রাম্পের আগের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা ওয়াশিংটনের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্প বলেছিলেন, “ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হল, কিছু ছোট বোট এবং আমরা সেগুলোকেও ধ্বংস করব।” তিনি আরও মন্তব্য করেন যে, যুদ্ধের মাঝে দুই সপ্তাহের বিরতির সুযোগে ইরান হয়ত আবারও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে।

ইরানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, ইরান এখন কার নেতৃত্বে চলছে তা খোদ ইরানিরাই জানে না। তিনি বলেন, “নিশ্চিতভাবে কেউ জানে না তাদের নেতা আসলে কে।”