১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের হয়ে যুদ্ধ করা এক ব্রিটিশকে পাকড়াও করল রুশ বাহিনী

টেলিগ্রামে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা দাড়িওয়ালা এক তরুণ ইংরেজিতে বলছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন।

রয়টার্স

Published : 25 Nov 2024, 03:29 PM

Updated : 01 Sep 2026, 11:11 AM

এক নজরে

টেলিগ্রামে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা দাড়িওয়ালা এক তরুণ ইংরেজিতে বলছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন।

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেইনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা রুশ বাহিনীর হাতে ধরা পড়েছে। ওই অঞ্চল এখনও আংশিক কিইভ বাহিনীর নিয়ন্ত্রণে। রাশিয়ার রিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে। রোববার রিয়া প্রকাশিত প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন, “ধরা পড়া ব্যক্তি গ্রেট ব্রিটেনের ভাড়াটে যোদ্ধা। তিনি নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন।” একইদিনে বেসরকারি রাশিয়াপন্থি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা দাড়িওয়ালা এক তরুণ ইংরেজিতে বলছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন।তিনি এর আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিও এবং রিয়া ও অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তাও পরিষ্কার নয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বিবিসি এর আগে এক খবরে জানিয়েছিল, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, এক ব্রিটিশ নাগরিক আটক হওয়ার খবর পাওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। গত অগাস্টে রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা ঢুকে পড়ে হামলা শুরু করে ইউক্রেইনের সেনারা। অঞ্চলটির কিছু অংশ এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। তবে গত সপ্তাহে কিইভ জানিয়েছিল, রুশ বাহিনীর জোরাল পাল্টা হামলার কারণে তারা কুর্স্কে দখলে নেওয়া ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।