ট্রাম্পের শান্তি পর্ষদের প্রথম বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এর বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও এই সফরে সঙ্গী হবেন।
প্রাথমিকভাবে ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে গাজা ভুখণ্ডের অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা তদারকির জন্য এই শান্তি পর্ষদ গঠনের কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাম্প ঘোষণা করেন যে, তার সভাপতিত্বে এই পর্ষদ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে কাজ করবে।
ডনাল্ড ট্রাম্প গত জানুয়ারির শেষের দিকে এই শান্তি পর্ষদ চালু করার পর অনেক দেশ এতে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নেয়।
বিশ্লেষকদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই পর্ষদ জাতিসংঘের গুরুত্ব কমিয়ে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এ পর্যন্ত ২০টিরও বেশি দেশ এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর আওতায় গাজা পরিকল্পনাকে সমর্থন করার অংশ হিসেবেই তারা এই শান্তি পর্ষদে যোগ দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, “আমরা সরল বিশ্বাসেই বোর্ড অব পিস- এ যোগ দিয়েছি। আমরা এখানে একা নই। একটাই কণ্ঠস্বর নই, বরং আটটি ইসলামিক-আরব দেশের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করছি।”
