যুক্তরাষ্ট্র শুল্ক শিথিল করতে পারে: ভারত
আগামী কয়েক মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার হতে দেখার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।
ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ভারতের পণ্যের ওপর আরোপিত শাস্তিমূলক আমদানি শুল্ক তুলে নিতে পারে এবং পারস্পরিক শুল্কও বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০-১৫ শতাংশে নামানো হতে পারে।
বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আছে, আগামী কয়েক মাসের মধ্যে আমরা অন্তত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার হতে দেখব।”
তিনি আরও বলেন, “সম্ভবত ২৫ শতাংশ পারস্পরিক শুল্কও নেমে আসবে সেই স্তরে, যা আমরা আগেই অনুমান করেছিলাম—১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।”
মঙ্গলবার দিল্লি জানায়, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে “ইতিবাচক” ও “ভবিষ্যতমুখী” বাণিজ্য আলোচনা হয়েছে। এতে সমস্যা সমাধানের সম্ভাবনা বেড়েছে।
বিশেষ করে যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন।
গত ২৭ অগাস্ট থেকে ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন, যা মোট শুল্ক হারকে দ্বিগুণ করে ৫০ শতাংশে দাঁড় করায়। এর মাধ্যমে রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের জেরে মস্কোর ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেন তিনি।
বুধবার ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প বলেন, তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শেষ করতে সাহায্যের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
যদিও ইউক্রেইন প্রসঙ্গে কোনও সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এ ফোনকলকে দুই দেশের টানাপোড়েন কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ট্রাম্পও কিছুটা নমনীয় সুরে কথা বলেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যে দুই দেশ শিগগিরই একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারবে।
নাগেশ্বরনের মন্তব্যের পর ভারতের শেয়ারবাজারে উত্থান দেখা যায়। বেঞ্চমার্ক নিফটি ৫০ সূচক এক সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় এবং ৯ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী সূচক ছুঁয়ে ফেলে।
