বাধার মুখে ৩ শহর থেকে ন্যাশনাল গার্ড সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প
শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড এর নেতারা এবং ডেমোক্র্যাটদের ভাষ্য, ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ‘অপ্রয়োজনীয়’ পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সেনা প্রত্যাহার করে নিচ্ছে তার প্রশাসন।
আইনি চ্যালেঞ্জ ও স্থানীয় নেতাদের বাধার মুখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সেনা প্রত্যাহারের ঘোষণার পারও ট্রাম্প বলেছেন, অপরাধ বাড়লে সেনাদেরকে “আবার ফেরানো হতে পারে।”
এই তিন শহরের নেতারা এবং ডেমোক্র্যাটদের ভাষ্য, ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ‘অপ্রয়োজনীয়’ পদক্ষেপ।
তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার বাইরে গিয়ে শহরগুলোতে সেনা মোতায়েন করা এবং এ পদক্ষেপকে ন্যায্যতা দিতে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাকে অতিরঞ্জিত করার অভিযোগ তুলেছেন।
তবে ট্রাম্প বলছেন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসি, মেমফিস এবং পোর্টল্যান্ডে সেনা মোতায়েন প্রয়োজনীয় পদক্ষেপ। অপরাধের বিরুদ্ধে লড়াই, ফেডারেল সম্পত্তি রক্ষা এবং বিক্ষোভকারীদের কাছ থেকে কর্মকর্তাদের সুরক্ষার জন্য সেনা মোতায়েন করা দরকার।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সরিয়ে নিচ্ছি। আমাদের দেশপ্রেমিক সেনাদের কারণে শহরগুলোতে অপরাধ অনেক কমার পরও সেনা তাদেরকে হচ্ছে।
“আর কেবলমাত্র অপরাধ কমার কারণেই আমরা সেনা প্রত্যাহার করছি। অপরাধ আবার বাড়লে আমরা, সম্ভবত আরও শক্তিশালী ও ভিন্ন রূপ নিয়ে ফিরে আসব। সেটি কেবল সময়ের ব্যাপার মাত্র।”
ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসার প্রথম বছরেই অবৈধ অভিবাসন ও অপরাধ দমনের অজুহাতে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। তবে তার এই পদক্ষেপ স্থানীয় নেতাদের আপত্তি এবং আদালতে মামলার মুখে পড়ে।
শহরগুলোতে হওয়া মামলা তদারককারী বিচারকরা বরাবরই এই রায় দিয়ে আসছেন যে, ট্রাম্প প্রশাসন তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। তাছাড়া, বিক্ষোভকারীদের কাছ থেকে ফেডারেল সম্পত্তি রক্ষার জন্য সেনা মোতায়েন প্রয়োজন এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি।
বুধবার ফেডারেল আপিল আদালত ক্যালিফোর্নিয়ার সেনাদের গভর্নরের নিয়ন্ত্রণে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এর কিছুক্ষণ আগেই ট্রাম্পের ন্যাশনাল গার্ড সেনা সরানোর ঘোষণা আসে।
এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ২৩ ডিসেম্বরে ইলিনয়ে ট্রাম্পের গার্ড সেনা মোতায়েনের পদক্ষেপ আটকে দেয়। সেই রায়ের বদৌলতে অন্য রাজ্যগুলোতেও ট্রাম্পের ন্যাশনাল গার্ড সেনা পাঠানোর আইবি বৈধতা ক্ষুন্ন হয়।
