জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু
২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের যৌথ চিঠিতে।
জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ১ জানুয়ারি ২০২৭ থেকে এই দায়িত্ব গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলিকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ও ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি একটি যৌথ চিঠিতে প্রার্থী মনোনয়নের জন্য এই আমন্ত্রণ জানান। এতে বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের জায়গায় নতুন একজন আসার দৌড় শুরু হল।
চিঠিতে বলা হয়, “দুঃখের বিষয়, মহাসচিবের পদে এখনও কোনও নারী আসেননি। আমরা বিশ্বাস করি, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের পদে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। তাই সদস্য রাষ্ট্রগুলোকে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। আমরা অঞ্চলভিত্তিক বৈচিত্র্যের গুরুত্বও স্বীকার করি।”
সাধারণ পরিষদে একজন প্রার্থীকে আগামী বছর দশম মহাসচিব পদে নির্বাচনের জন্য সুপারিশ করবে নিরাপত্তা পরিষদ।
এ পদে ইতোমধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলে, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনসপ্যান এবং আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসির নাম প্রকাশ্যে এসেছে।
তবে, চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে পাঁচ স্থায়ী সদস্য - যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের একমত হওয়া আবশ্যক।
