বয়স ৯২, আবারও নির্বাচনে লড়বেন ক্যামেরুনের প্রেসিডেন্ট
বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হয়েও ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া এবার অষ্টমবারের মতো নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।
৯২ বছর বয়সেও থামছেন না তিনি। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হয়েও ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া আবার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে এবার অষ্টম মেয়াদের জন্য প্রার্থী হচ্ছেন তিনি।
গত রোববারেই সেকথা ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পল বিয়া লেখেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। নিশ্চিত থাকুন,আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, তা আমি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করব।”
পল বিয়া এবারের নির্বাচনেও জয়ী হলে তিনি শতবর্ষ ছুঁইছুঁই বয়সেও ক্ষমতায় থাকতে পারেন। চার দশক আগে ১৯৮২ সালে ক্ষমতায় এসেছিলেন পল বিয়া।
তার পূর্বসূরি আহমাদু আহিজোর পদত্যাগের পর থেকেই তিনি দেশের নেতৃত্বে দিচ্ছেন। বিয়ার স্বাস্থ্য নিয়ে প্রায়ই জল্পনা তৈরি হয়। সর্বসম্প্রতি গত বছর তিনি ৪২ দিন জনসমক্ষে না আসায় জল্পনা সৃষ্টি হয়।
আল-জাজিরা জানায়, পল বিয়া আবার নির্বাচনে দাঁড়াতে পারেন বলে ব্যাপকভাবেই ধারণা করা হচ্ছিল। তবে রোববারের ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা নিশ্চিত ছিল না।
পল বিয়া আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করার আগে, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন।
২০১৮ সালে প্রথমবারের মতো তিনি সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন, যা ছিল ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের সঙ্গে তার এক বিরল সরাসরি যোগাযোগ।
ক্ষমতাসীন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট (সিপিডিএম)-এর নেতাকর্মী এবং পল বিয়ার সমর্থকরা গত বছর থেকেই প্রকাশ্যে তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
কিন্তু বিরোধী দল এবং নাগরিক সমাজের কিছু গোষ্ঠী যুক্তি দেখিয়ে বলছে যে, বিয়ার দীর্ঘ শাসন অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে এসেছে দুই সাবেক মিত্র এবং তারা আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছে।
ক্যামেরুনের মানবাধিকার বিষয়ক আইনজীবী নংহো ফেলিক্স আগবর বলেন, “প্রেসিডেন্ট বিয়ার আবার প্রার্থী হওয়ার ঘোষণা ক্যামেরুনের স্থবির রাজনৈতিক উত্তরণের স্পষ্ট লক্ষণ।
“৪০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর এখন দেশটির যা প্রয়োজন তা হল, নবীকরণ, পুনরাবৃত্তি নয়। ক্যামেরুনবাসী গণতান্ত্রিক পরিবর্তন এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব পাওয়ার অধিকার রাখে।”
বিয়া প্রেসিডেন্ট পদে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করার যে ঘোষণা দিয়েছেন তা নিশ্চিতভাবেই তার স্বাস্থ্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেবে। বিয়া খুব কমই জনসম্মুখে আসেন এবং তিনি প্রায়ই তার কার্যালয়ের প্রভাবশালী চিফ অফ স্টাফের কাছে দায়িত্ব অর্পণ করেন।
গত বছর অক্টোবরে তিনি ৪২ দিন অনুপস্থিত থাকার পর ক্যামেরুনে ফেরেন। এতে তিনি সুস্থ্য নেই বলে জল্পনা সৃষ্টি হয়।
যদিও সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তিনি ভাল আছেন। আর কেবল তাই নয়, জাতীয় নিরাপত্তার বিষয়ের কথা উল্লেখ করে বিয়ার স্বাস্থ্য নিয়ে সবধরনের আলোচনা নিষিদ্ধও করেছিল সরকার।
২০০৮ সালে বিয়া প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ সীমা বাতিল করে দেন। ফলে অনির্দিষ্টকালের জন্য তার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার হয়।
২০১৮ সালের নির্বাচনে বিয়া ৭১ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। যদিও বিরোধী দলগুলো ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিল।
কোকো ও তেল উৎপাদনকারী মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন ১৯৬০-এর দশকের গোড়ার দিকে ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর মাত্র দুজন প্রেসিডেন্ট পেয়েছে।
বিয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে বা তার মৃত্যু হলে দেশটিতে উত্তরসূরি নিয়ে সংকট তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
প্রেসিডেন্ট নির্বাচনে বিয়ার পাশাপাশি কয়েকজন বিরোধী নেতাও প্রার্থী হয়েছেন। তারা বিয়ার দীর্ঘ শাসনের সমালোচনা করে এবছর অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সংস্কারের দাবি জানিয়েছেন।
বিয়ার শাসনামলে ক্যামেরুন অর্থনৈতিক সংকট, কয়েকটি দিক থেকে অনিরাপত্তা, ইংরেজিভাষী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী সংঘাত ও উত্তরে বোকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর হামলার মুখোমুখি হয়েছে।
