Published : 10 Mar 2026, 12:32 PM
ইরান যুদ্ধের উত্তেজনা আরও বিস্তৃত হয়ে ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার মুখে পূর্ব সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সীমান্ত বন্ধ করছে বাগদাদ।
আল জাজিরা লিখেছে, ইরাকের সঙ্গে ইরানের সীমান্তের বেশিরভাগ অংশ পর্বতময়। ইরানি কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে চলাচলের জন্য এই সীমান্তের পার্বত্য পথগুলো ব্যবহার করে। এখন ইরাক সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে সম্ভবত বেশ কয়েকটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে।
এরমধ্যে প্রথমটি হলো, ইরানকে এই ইঙ্গিত দেওয়া যে বাগদাদ তারা চায় না তেহরানবিরোধী গোষ্ঠীগুলো ইরাক থেকে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করুক আর এ বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে।
দ্বিতীয়ত, বাগদাদ তেহরানের কাছে এমনটি তুলে ধরতে চায় যে ইরানের সঙ্গে ২০২৩ সালে করা নিরাপত্তা গ্যারান্টি রক্ষা করার বিষয়ে তারা আন্তরিক। এই চুক্তিতে বাগদাদ, ইরাকের উত্তরাঞ্চলে ইরানি বিদ্রোহী কুর্দি গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
তৃতীয়ত, এই অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে বাগদাদ ওই সুনির্দিষ্ট সশস্ত্র ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে ইঙ্গিত দিচ্ছে যে তাদের জন্য ইরানে প্রবেশ করা অত্যন্ত কঠিন হবে। তবে ওই সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানে প্রবেশ করছে বলে অভিযোগ তেহরানের।
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি এলাকার কয়েকটি লক্ষ্যে ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে অবস্থান নেওয়া ইরানি কুর্দিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে তেহরানের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াইয়ে নামাতে চায়। এই উদ্দেশ্য বাস্তবায়নে তৎপরতাও শুরু করেছে তারা।
সব মিলিয়ে ইরাকের উত্তরাঞ্চলে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে ইরান সীমান্তে সেনা মোতায়েনের মাধ্যমে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল ইরাক।
বিস্তৃত হতে থাকা ইরান যুদ্ধের নতুন আরেকটি লড়াইয়ের ক্ষেত্র তাদের সীমান্তে তৈরি হোক এমনটি চায় না বাগদাদ।
আরও পড়ুন:
ইরান যুদ্ধ বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প বললেন, 'শিগগিরই শেষ হতে পারে'