১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শান্তি পর্ষদ থেকে ৫০০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার ঘোষণা ট্রাম্পের

আরব আমিরাত ও কাতার অর্থসাহাযয্যের প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বাকি তিনটি দেশ কোন কোনটি সেটি এখনও জানা যায়নি।

শান্তি পর্ষদ থেকে ৫০০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার ঘোষণা ট্রাম্পের
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের জন্য শোক। ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য ‘বোর্ড অফ পিস’বা শান্তি পর্ষদের এর সদস্যরা ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা দেন ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি পর্ষদের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে দিয়ে এই সাহায্যের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। সেই গাজাকে পুনর্গঠন করতে ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিস-এর সূচনা হয়।

যুক্তরাষ্ট্র প্রায় ৬০টি দেশকে এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত সাড়া দিয়েছে ২০টি দেশ। বৃহস্পতিবারের বৈঠকে এর কয়টি দেশ অংশ নেবে তা সুনির্দিষ্ট করে ট্রাম্প বলেননি।

যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য প্রতিটি দেশকে ১শ’ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছে। ৫ টি দেশ হয়ত এরই মধ্যে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার সাংবাদিক রোসিল্যান্ড জর্ডান বলেন, “সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমে শত শত কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়ে সামনে এগিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।”

কাতার অর্থসাহায্য নিয়ে শান্তি পর্ষদে যোগ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে বলে জানান তিনি। তবে বাকি তিনটি দেশ কারা সেটি এখনও জানা যায়নি।

ট্রাম্প জানান, অর্থসাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলো গাজার বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর আশ্বাস দিয়েছে। 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠী হবে এই শান্তি পর্ষদ। এর চেয়ারম্যান হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”