যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা: ৬ এয়ারলাইন্স নিষিদ্ধ করল ভেনেজুয়েলা
এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শুরুর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ভেনেজুয়েলা ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সের অবতরণ নিষিদ্ধ করেছে।
এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শুরুর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপর দিয়ে উড়ার সময় ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির’ মুখোমুখি হওয়া নিয়ে সতর্কতা জারির পর বেশ কয়েকটি এয়ারলাইন্স কারাকাসে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে।
এতে ক্ষুব্ধ ভেনেজুয়েলা সরকার এয়ারলাইন্সগুলোকে ৪৮ ঘণ্টার ওই আল্টিমেটাম দেয়, যার মেয়াদ বুধবার শেষ হয়ছে। ছোট কয়েকটি এয়ারলাইন্স এখনও ভেনেজুয়েলায় ফ্লাইট অব্যাহত রাখলেও হাজারো যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
নিষিদ্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে- স্পেনের আইবেরিয়া, পর্তুগালের টিএপি, কলম্বিয়ার আভিয়াঙ্কা, চিলি ও ব্রাজিলের ল্যাটাম, ব্রাজিলের জিওএল এবং তুর্কি এয়ারলাইন্স।
এসব এয়ালাইন্সের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ কোনওটিই করতে পারবে না এবং এই নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর হচ্ছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ওয়াশিংটন বলছে, এটি মাদক পাচার দমনে বৃহৎ অভিযান। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, এটি তাকে ক্ষমতাচ্যুত করারই প্রচেষ্টা।
ভেনেজুয়েলার সিভিল অ্যাভিয়েশ কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্রের “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে” এসব এয়ারলাইন্স অংশ নিয়েছে এবং একতরফাভাবে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে।
যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার কাছে ১৫ হাজার সেনা এবং বিশ্বে তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে।
ওয়াশিংটন বলছে, ১৯৮৯ সালের পানামা আক্রমণের পর এ অঞ্চলে এটিই তাদের সামরিক বাহিনীর সবচেয়ে বড় সমাবেশ। এর উদ্দেশ্য মাদক পাচারের বিরুদ্ধে লড়া।
মার্কিন বাহিনী বলছে, তারা মাদকবাহী নৌকাগুলোকে নিশানা করে অন্তত ২১টি হামলা চালায়। এতে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
তবে এসব নৌকায় মাদক ছিল, এমন প্রমাণ যুক্তরাষ্ট্র দেয়নি, এবং বিশ্লেষকদের মতে মাদকবিরোধী অভিযানের জন্য এমন বড় মোতায়েন অস্বাভাবিক।
ভেনেজুয়েলা মনে করে, এ সবকিছুর উদ্দেশ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণ করা, তার গত বছরের পুনর্নির্বাচন বিরোধী দল ও বিদেশি রাষ্ট্রগুলো ‘কারচুপিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছিল।
উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) শুক্রবার মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত ফ্লাইটগুলোর জন্য সতর্কতা জারি করে।
তারা এয়ারলাইন্সগুলোতে “নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সব উচ্চতায় সতর্কতা অবলম্বন” করতে বলে।
এই সতর্কতার পরই নিষিদ্ধ হওয়া এয়ারলাইনগুলো ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (ইআটা) পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিল। তাদের সদস্য এয়ারলাইনগুলো ফ্লাইট পুনরায় চালু করতে আগ্রহী, এ কথা জানিয়ে। তবে তাতে ভেনেজুয়েলার অবস্থান বদলায়নি।
এদিকে, সাম্প্রতিক দিনে মাদুরো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উভয়ই সরাসরি আলোচনার আগ্রহ দেখিয়েছেন।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি মাদুরোর সঙ্গে “কথা বলতে পারেন”, তবে সতর্ক করে যোগ করেন, “সহজ পথে যদি সমাধান হয় ভাল, আর কঠিন পথে যেতে হলেও অসুবিধা নেই।”
মাদুরো নিজেও কারাকাসে গাড়ি চালিয়ে ক্রিসমাস সাজসজ্জা দেখানোর একটি ভিডিও প্রকাশ করেছেন, মনে হচ্ছে শহরে জীবন স্বাভাবিকভাবেই চলছে, এ বার্তা দেওয়ার চেষ্টা।
