১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিকের মৃত্যু

রাজস্থানের আলওয়ার জেলার খুশখেরা শিল্পাঞ্চলে বন্ধ এক রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ভারতের রাজস্থানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিকের মৃত্যু
কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। ছবি: এইচটি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ভারতের রাজস্থান রাজ্যের একটি শিল্প এলাকার এক রাসায়নিক কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে আলওয়ার জেলার খুশখেরা শিল্পাঞ্চলের বন্ধ ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

দমকল কর্মকর্তা রাজু খান জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ছয়টি গাড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক খবর অনুযায়ী, কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। কারখানাটির ভেতরে বিপুল পরিমাণ কাগজের বোর্ড গুদামজাত অবস্থায় পাওয়া গেছে। 

স্থানীয় সময় সকাল ১০টার দিকে কারখানাটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণগুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি। 

সতর্কতা হিসেবে আশপাশের কারখানাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ওই এলাকার বিদ্যুৎ সরবরাহও কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। দমকল কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  

প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে কয়েক লাখ রুপির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে।