২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘনিষ্ঠ বন্ধু’কে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের ‘চপেটাঘাত’?

কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়া কাউকে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া শুধু অস্বাভাবিক নয়, ‘ইচ্ছাকৃত অপমান’ হিসেবেই দেখছেন কেউ কেউ।

‘ঘনিষ্ঠ বন্ধু’কে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের ‘চপেটাঘাত’?
সের্জিও গোর। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 01:06 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

তিনি ডনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের জন্য লাখ লাখ ডলার তুলেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্তদের দিয়ে প্রশাসনিক পদগুলো পূরণে সহায়তা করেছেন।

সেই সের্জিও গোরকে রাষ্ট্রদূত করে দিল্লি পাঠাচ্ছেন ট্রাম্প, একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কের দেখভাল করবেন।

বিবিসি লিখেছে, গত অগাস্টের শেষে ট্রাম্পের এই মনোনয়নের ঘোষণা আসার পর থেকেই অস্বস্তিতে আছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। কূটনীতিতে অভিজ্ঞতা নেই–এমন একজনকে ভারতের মত দেশে রাষ্ট্রদূত করে পাঠানোকে স্রেফ ‘চপেটাঘাত’ হিসেবেই দেখছেন একজন বিশ্লেষক।

এমনকি সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও এই মনোনয়নের কড়া সমালোচনা করেছেন। তার সোজাসাপ্টা মন্তব্য: “আমি মনে করি না তিনি (গোর) ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত হওয়ার যোগ্য।”

ট্রাম্প অবশ্য নিজের ‘পার্সোনেল চিফ’ গোরকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। গোরকে তিনি বলেছেন ‘একজন ঘনিষ্ঠ বন্ধু’, এবং এমন একজন যার ওপর তিনি ‘সম্পূর্ণ আস্থা’ রাখতে পারেন।

৩৮ বছর বয়সী গোরকে এমন এক সময়ে এই দায়িত্ব দেওয়া হল, যখন ট্রাম্প ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে।

ভারতের মতো বিশাল, জটিল ও প্রভাবশালী দেশকে সবসময় অভিজ্ঞ কূটনীতিকরাই সামলেছেন। সেখানে কোনো ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়া কাউকে দায়িত্ব দেওয়া শুধু অস্বাভাবিক নয়, এটাকে ‘ইচ্ছাকৃত অপমান’ হিসেবেই দেখছেন কেউ কেউ। 

কেউ কেউ ভাবছেন, এই রাষ্ট্রদূত সম্পর্ক মজবুত করতে ভারতে যাচ্ছেন না, যাচ্ছেন ট্রাম্পের এজেন্ডা চাপিয়ে দিতে এবং ভারতকে শাস্তি দিতে।

সাধারণত রাষ্ট্রদূতরা যেখানে নিয়মিত রিপোর্ট দেন, আলোচনা করেন এবং উত্তেজনা কমানোর চেষ্টা করেন, সেখানে গোর পুরোপুরি উল্টো ভূমিকা নেবেন কি না, সেই সন্দেহের কথাও উঠছে। কারণ ট্রাম্পের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে। কেউ কেউ ভাবছেন, তিনি হয়ত রাষ্ট্রদূতসুলভ সহযোগিতার মনোভাবের বদলে মুখোমুখি অবস্থান নেবেন। 

বিবিসি লিখেছে, দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর (যার মধ্যে পাকিস্তানও আছে) সঙ্গে সম্পর্ক তত্ত্বাবধানের দায়িত্ব ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে একত্রে দেওয়ার ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 

ট্রাম্প ও মোদীর টানাপড়েন কতদূর গড়াবে? ছবি: রয়টার্স

ট্রাম্প ও মোদীর টানাপড়েন কতদূর গড়াবে?

বিশেষজ্ঞরা বলছেন, গোরের এই বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে ভারতের ওপর ওয়াশিংটনের ‘হস্তক্ষেপ’ বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে কাশ্মীর প্রশ্নে– যা ভারতের জন্য উদ্বেগের। 

আমেরিকান থিংক-ট্যাঙ্ক কাউন্সিল অফ ফরেন রিলেশনসের অ্যালিসা আইয়ার্স বলেন, “স্পেশাল এনভয়ের এই অতিরিক্ত পদ অন্তত ভারতে কিছু চ্যালেঞ্জ তৈরি করবে। ভারত সাধারণত পাকিস্তানের সঙ্গে একই কাঠামোতে ব্রাকেটবন্দি হতে চায় না।”

আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলের সিনিয়র ফেলো এবং হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা লরেন্স হাস বিবিসিকে বলেন, এটা ট্রাম্পের পক্ষ থেকে দিল্লিকে এমন ইঙ্গিতও হতে পারে যে, তিনি ভারতের রাষ্ট্রদূতের পদকে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে মনে করেন না।

“আমার ধারণা, ভারতের নেতারা অবমূল্যায়িত ও অপমানিত বোধ করবেন, যা যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে।”

ভারত ২০০৯ সালেও একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল। বারাক ওবামার প্রশাসন তখন রিচার্ড হলব্রুককে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের জন্য বিশেষ দূত করার পরিকল্পনা নিয়েছিল। তবে দিল্লি তীব্র আপত্তি জানালে শেষ পর্যন্ত হলব্রুককে পাকিস্তান ও আফগানিস্তানের বিশেষ দূত করা হয়।

কিন্তু ট্রাম্প ওবামার চেয়ে একেবারেই ভিন্ন কায়দায় কাজ করেন।

ট্রাম্প খোলাখুলিভাবেই দাবি করেছিলেন, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের অবসানে তিনি মধ্যস্থতা করেছেন। কিন্তু ভারত সেই দাবি সরাসরি অস্বীকার করে বলে, বাইরের কোনো শক্তি যুদ্ধবিরতিতে ভূমিকা রাখেনি।

একইভাবে বাণিজ্য চুক্তির আলোচনাতেও ট্রাম্প প্রশাসন ভারতের ডেইরি ও কৃষি বাজারে প্রবেশাধিকার চাইছিল, যা ভারত বরাবরই সুরক্ষিত রাখতে চায়।

গোরের উপস্থিতি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের এসব টানাপোড়েন প্রশমিত করবে নাকি ট্রাম্পের নির্দেশ কার্যকরে তিনি কঠোর অবস্থান নেবেন, সেই প্রশ্ন থাকছে। 

হাডসন ইনস্টিটিউটের সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড আমেরিকান স্টেটক্রাফটের ফেলো বিল ড্রেক্সেল বিবিসিকে বলেন, যেহেতু সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নেবেন, তাই তার ঘনিষ্ঠ কাউকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাওয়া ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য বড় সম্পদ হতে পারে।

“তবে সীমিত কূটনৈতিক ও আঞ্চলিক অভিজ্ঞতা তার শেখার পথটা কঠিন করে তুলতে পারে।”

আর লরেন্স হাস বলছেন, কূটনৈতিক অভিজ্ঞতার অভাব টানাপোড়েনের সম্পর্কে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের উচিত ছিল এমন কাউকে মনোনীত করা যিনি সম্পর্কোন্নয়নে কাজ করতে পারবেন। 

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও এটি একটি সতর্কবার্তা। ছবি: রয়টার্স

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও এটি একটি সতর্কবার্তা

“আমার ধারণা, দিল্লি এই নিয়োগকে এক ধরনের চপেটাঘাত হিসেবে দেখবে এবং এটিকে আরও প্রমাণ হিসেবে নেবে যে ট্রাম্প এই সম্পর্ককে গুরুত্ব দেন না।”

কেবল ভারত সরকার নয়, ভারতীয় ব্যবসায়ীরাও শঙ্কায় আছেন। তাদের ভয়, ভারতে মার্কিন বিনিয়োগ এবার আটকে যাবে কি না। অ্যাপলের মত কোম্পানিগুলোকে ভারতে কারখানা খুলতে নিরুৎসাহিত করা হবে কি না। ভারতের ফার্মাসিউটিক্যাল, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতকে নিশানা করা হবে কি না। 

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও এটি একটি সতর্কবার্তা। ট্রাম্প এখন ভারতকে অংশীদার হিসেবে নয়, প্রতিপক্ষ হিসেবে দেখাতে পারেন। দিল্লির প্রতিরক্ষা কেনাকাটায় চাপ দেওয়া, প্রযুক্তি বিনিময় বিঘ্নিত করা, এবং আদানি-অম্বানিকে ঘিরে থাকা কেলেঙ্কারির মতো বিষয়গুলো কাজে লাগিয়ে মোদী সরকারকে অস্থিতিশীল করার মত আশঙ্কাও করছেন কেউ কেউ। 

সেক্ষেত্রে বিষয়টি দিল্লির মসনদে উল্টে দেওয়ার মত ঘটনায় গড়ায় কি না, সেই সন্দেহের কথাও উঠছে। কারণ ইতিহাস বলে, যুক্তরাষ্ট্র যখন মনোভাব পরিবর্তনের সংকেত দেয়, তখন রাষ্ট্রদূতরা প্রায়ই ‘অন্য ভূমিকায়’ অবতীর্ণ হন। 

কূটনীতিকের বদলে একজন বিশ্বস্ত সহযোগীকে দূতাবাসে বসিয়ে ট্রাম্প ভারতের রাজনীতিতে একটি সরাসরি পথ খুলতে যাচ্ছেন। এর অর্থ, ভারতের অর্থনীতি, বৈশ্বিক অবস্থান এবং মোদীর নেতৃত্বের সামনে ঝড় আসছে। 

আর মোদীও বিষয়টি বুঝতে পারছেন। সে কারণেই ভারত রাশিয়া, চীন ও জাপানের দিকে আরো বেশি করে ঝুঁকছে। সাম্প্রতিক সফর ও চুক্তিগুলো বলছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতুন মিত্র খোঁজার চেষ্টায় ভারত এখন মরিয়া।