১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে পৌঁছার আগেই গলে গেল বেলজিয়ান প্রধানমন্ত্রীর উপহারের ‘ইন্ডিয়া গেট’

ভারত সফরে যাওয়া বেলজিয়ান প্রধানমন্ত্রী ওয়েভার দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী মোদীকে চকোলেটের তৈরি ইন্ডিয়া গেটের ভাস্কর্য উপহার দেবেন বলে ঠিক করেছিলেন।

ভারতে পৌঁছার আগেই গলে গেল বেলজিয়ান প্রধানমন্ত্রীর উপহারের ‘ইন্ডিয়া গেট’
বার্ট দে ওয়েভার ও নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 11:03 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভার দিল্লির ইন্ডিয়া গেটের আদলে তৈরি একটি চকোলেটের ভাস্কর্য উপহার আনতে চেয়েছিলেন। কিন্তু ভারতে যাওয়ার পথেই গলে নষ্ট হয়ে যায় চকোলেটের সেই ‘ইন্ডিয়া গেট’।

বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তা নিয়ে আক্ষেপ করেছেন বুধবার ভারত সফরে যাওয়া বার্ট দে ওয়েভার। বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘‘চকোলেট কূটনীতির জন্য দারুণ, কিন্তু কূটনৈতিক সফরের জন্য ততটা নয়।’’

তবে ওয়েভার এও বলেন যে, বেলজিয়ামে একই রকমের আরেকটি চকোলেট ভাস্কর্য রাখা আছে ৷ সেটি যেভাবেই হোক অক্ষত অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর কাছে পৌঁছে দেবেন তিনি।

বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে এবং একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷

এই সফরেই প্রধানমন্ত্রী মোদীকে অভিনব ওই চকোলেটের তৈরি উপহার দেবেন বলে ঠিক করেছিলেন বেলজিয়ান প্রধানমন্ত্রী ৷ বেলজিয়ামের সবচেয়ে উৎকৃষ্ট মানের চকোলেট দিয়ে তৈরি নয়াদিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটের স্থাপত্য আনছিলেন তিনি ৷ কিন্তু উপহারটি সফরের সময় পথেই গরমে গলে নষ্ট হয়ে গেছে ৷

এ প্রসঙ্গে মোদীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে ওয়েভার বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদীকে একটি যথাযথ উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলাম- সবচেয়ে উন্নত মানের বেলজিয়াম চকোলেট দিয়ে তৈরি ইন্ডিয়া গেটের স্থাপত্য ৷

“এই ইন্ডিয়া গেট একশত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু আমার চকোলেটের ইন্ডিয়া গেট ভারতে পৌঁছনো পর্যন্ত টিকল না ৷ চকোলেট কূটনীতির জন্য দারুণ হলেও তা কূটনৈতিক সফরের জন্য ভাল নয়।”

ইন্ডিয়া গেট কেন উপহার দিতে চাইলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী?

ইন্ডিয়া গেটকে দুই দেশের মধ্যকার ইতিহাস ও অংশীদারিত্বের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়েভার ৷ তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক গেটের চকোলেট স্থাপত্য উপহার হিসাবে বাছাই করার কারণ, প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামে ফ্ল্যান্ডার্স ফিল্ডস-এ যে ভারতীয় সেনারা লড়ে মারা গিয়েছিলেন, তাদের স্মৃতিতে এই ইন্ডিয়া গেট তৈরি করা হয়েছিল ৷

ভারতীয় সেনাদের সাহসিকতা ও বলিদানের কথা স্মরণ করে তিনি বলেন, "একশো বছরেরও বেশি সময় আগে, ভারতীয় সেনারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বেলজিয়ামে পৌঁছে সেখানকার মাটি থেকে যুদ্ধে লড়েছিলেন ৷ আমরা সেটা ভুলিনি ৷"

তিনি আরও বলেন, "এটি আমাদের ইতিহাসের অংশ এবং আমাদের অংশীদারি ইতিহাসের অংশ এবং এটা আমাদের মনে করিয়ে দেয় শান্তিকে কখনও সহজলভ্য ধরে নিলে হবে না ৷ দুর্ভাগ্যবশত আজকের বিশ্বে আবার সেই শিক্ষা প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷"

তিনদিনের জন্য ভারত সফর করছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ৷ শুক্রবার তার সফর শেষ হচ্ছে ৷ ভারত সফরকালে বেলজিয়ামের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করাই তার লক্ষ্য ৷

গত দুই দশকের মধ্যে এই প্রথম বেলিজয়ামের কোনও প্রধানমন্ত্রী ভারত সফর করছেন ৷ প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সঙ্গে সফর করছেন প্রতিরক্ষা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থিও ফ্রাঙ্কেন ৷ তাছাড়া, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, শিল্পপতি, প্রতিরক্ষা ক্ষেত্রের নেতারাও ভারত সফর করছেন ৷