Published : 01 Feb 2026, 12:49 PM
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের অভিযান চলাকালে আটক আদ্রিয়ান কোনেহো আরিয়াস ও তার পাঁচ বছর বয়সী ছেলে লিয়াম কোনেহো রামোসকে শনিবার মুক্তির আদেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক।
কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট এর তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথমদিকে অভিবাসন কর্মকর্তারা মিনিয়াপোলিসের শহরতলী থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে, এই শিশু বালকটি তাদের অন্যতম।
অভিযান চলাকালে এই বালকের একটি ছবি ভাইরাল হয়, সেখানে তাকে তাদের বাড়ির সামনে নীল বানি টুপি পরা অবস্থায় ফেডারেল এজেন্টদের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার এক রায়ে মার্কিন জেলা আদালতের বিচারক ফ্রেড বিয়ারি ওই বাবা ও ছেলেকে মুক্তির আদেশ দেন। রায়ে বিচারক বিয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অভিবাসন নীতি বাস্তবায়ন সংক্রান্ত অভিযানের তীব্র সমালোচনা করেন।
এই একুয়াডোরিয়ান বালক ও তার বাবা আশ্রয় আবেদনকারী হিসেবে বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের টেক্সাসের এক ফ্যামিলি ডিটেনশন ফ্যাসিলিটিতে পাঠানো হয়েছিল বলে তাদের আইনজীবী মার্ক প্রোকাশ এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন।

আদালতের রায়ের পর প্রোকাশ ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় নিয়োগ পাওয়া বিচারক বিয়ারি তার তিন পৃষ্ঠার আদেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি ট্রাম্প প্রশাসনের আচরণকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে নিন্দিত ব্রিটিশ রাজার আচরণের সঙ্গে তুলনা করেছেন।
ব্রিটিশ রাজা ‘মার্কিন জনগণকে হয়রানি করার জন্য কর্মকর্তাদের ঝাঁক পাঠিয়েছিলেন’ তেমনি ট্রাম্পও ‘জনগণের মধ্যে বিশাল সংখ্যক সশস্ত্র সেনা মোতায়েন করেছেন’ বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি অভিবাসন কর্মকর্তাদের জারি করা ‘প্রশাসনিক পরোয়ানার’ ব্যবহারকে ‘মুরগি পাহারা দিতে শেয়াল ডেকে আনা’ বলে বর্ণনা করেছেন।
বিয়ারি সাংবিধানিক নিয়ম মেনে একজন বিচারকের মাধ্যমে অপরাধের সম্ভাব্য কারণ খুঁজে বের করার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে বলে উল্লেখ করেছেন।
গত সপ্তাহে কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট এর সুপার জিনা স্টেনভিক জানিয়েছিলেন, সশস্ত্র ও মুখোশ পরা কর্মকর্তারা পাঁচ বছর বয়সী লিয়ামের পাশাপাশি ১০ ও ১৭ বছর বয়সী আরও দুই শিক্ষার্থীকে আটক করেছে।
আরও খবর:
আইসিই'র বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, মিনিয়াপোলিসে হাজারো মানুষে