Published : 27 Apr 2026, 10:51 PM
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে বলে আরাকচিকে আশ্বস্ত করেছেন পুতিন।
রাশিয়ায় পুতিন ও আরাকচির মধ্যে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে পুতিন বলেছেন- ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসের সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, এই কঠিন সময় কাটিয়ে ইরান দ্রুতই শান্তির পথে ফিরবে।
তাস আরও জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে সরাসরি আশ্বস্ত করে বলেছেন যে, মধ্যপ্রাচ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া তার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালাবে।
আরাকচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা ছবিতে দেখা যায়, দুই দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে একটি টেবিলে পুতিনের মুখোমুখি বসে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর প্রধান ইগর কস্তিউকভ।