ইরান সরকার ইসরায়েলের চেয়ে দেশের জনগণকে বেশি ভয় পায়: নেতানিয়াহু
জনগণকে ভয় পাওয়ার কারণে খামেনি সরকার ইরানিদের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন ভেঙে দেওয়ার চেষ্টায় বেশি সময় ও অর্থ খরচ করছে- বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
জনগণকে ভয় পাওয়ার কারণে খামেনি সরকার ইরানিদের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন ভেঙে দেওয়ার চেষ্টায় বেশি সময় ও অর্থ খরচ করছে- বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সরাসরি এক ভিডিও বার্তায় বলেছেন, সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকার ইসরায়েলের চেয়েও দেশের জনগণকে বেশি ভয় পায়। একারণেই সরকার আপনাদের (ইরানি জনগণ) আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে।
ইরানে নারী অধিকার আন্দোলনের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “আমি আপনাদের বলছি,আপনাদের স্বপ্ন মরে যেতে দেবেন না। আমি নারী, জীবন, স্বাধীনতার (জান, জেন্দেগি, আজাদি)গুঞ্জন শুনি। আশা হারাবেন না। জেনে রাখুন, এই মুক্ত বিশ্বে ইসরায়েল ও অন্যান্যরা আপনাদের সঙ্গে আছে।”
ভিডিওবার্তায় নেতানিয়াহু ইসরায়েলের ওপর ইরানের ১ অক্টোবরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, এতে ‘আপনাদের মূল্যবান অর্থ’, প্রায় ২৩ কোটি ডলার খরচ হয়েছে। কিন্তু ইসরায়েলের সামান্যই ক্ষতি হয়েছে।
ইরানের ওই হামলার পর ২৬ অক্টোবরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
নেতানিয়াহু এর আগেও ইরানের জনগণ এবং গাজা ও লেবাননের জনগণের উদ্দেশ্যেও সরাসরি বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ইরান মুক্ত হলে সেখানে জীবন অন্যরকম হতে পারে আর তহবিল তখন যুদ্ধের পরিবর্তে ব্যবহৃত হতে পারে শিক্ষা, রাস্তাঘাট নির্মাণ, পানি এবং হাসপাতাল উন্নয়নের কাজে।
“কিন্তু খামেনির সরকার প্রতিদিনই আপনাদেরকে এইসব দিতে অস্বীকার করে। তারা ইরানকে গড়ে তোলার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করতে বেশি তৎপর। আমি জানি আপনারা এই যুদ্ধ চান না। আমি এই যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণ এই যুদ্ধ চায় না।”
