২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেন পুত্রের মতো মামলা থেকে রেহাই চান ট্রাম্প

আইনজীবীরা বলছেন, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার মাথার উপর এ মামলা ঝুলে থাকলে তা শাসনকাজে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 04 Dec 2024, 08:36 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের আদালতে পর্নো তারকাকে গোপনে ঘুষ দেওয়ার অপরাধে গত মে মাসে দোষী সাব্যস্ত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর ট্রাম্প সেই ফৌজদারি মামলা থেকে তাকে রেহাই দেওয়ার আর্জি জানিয়েছেন নিউ ইয়র্ক রাজ্যের ম্যানহাটন আদালতের বিচারপতির কাছে। 

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে দিয়ে ছেলে হান্টার বাইডেনকে মামলার সাজা থেকে বাঁচিয়ে দিয়েছেন। ট্রাম্পও এবার সেই একই রাস্তায় হাঁটলেন।

ট্রাম্পের আইনজীবীরা মঙ্গলবার বিচারপতি জুয়ান মারচানকে ঘুষ মামলার রায় বাতিল করে এ মামলা খারিজ করে দেওয়ার আর্জি জানান। এ সময় অপরাধ প্রমাণ হওয়ার পরও প্রেসিডেন্ট বাইডেনের ছেলের নিঃশর্তে ক্ষমা পাওয়ার কথা তুলে ধরেন তারা।

বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এ মাসেই আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল। কিন্তু হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দেন বাইডেন।

ক্ষমার ঘোষণায় জো বাইডেন বলেছিলেন, তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কারণ, তার ছেলে হওয়ার কারণেই হান্টারকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং হান্টার ‘ন্যায়বিচার পাননি’। 

ট্রাম্পের আইনজীবীরাও ঠিক এভাবেই তাদের মক্কেলের ঘুষ মামলা খারিজ করার আহ্বান জানান। তারা বলেন, “ট্রাম্প একজন রাজনৈতিক নেতা না হলে এ মামলাটি কখনওই আদলত পর্যন্ত যেত না।”

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্প তার শারীরিক সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে অভিযোগ আছে। এছাড়া,  বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার  ৩৪ টি অভিযোগেও আছে ট্রাম্পের বিরুদ্ধে।

নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে এইসব অভিযোগেই ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছিলেন । তবে গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলা নিয়ে প্রশ্ন উঠেছে।

আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। তার আইনজীবীরা বলছেন, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের মাথার উপর এ মামলা ঝুলে থাকলে তা প্রেসিডেন্ট হিসেবে তার শাসনকাজে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিচারপতি মার্চান গত মাসে ট্রাম্পের পূর্বনির্ধারিত ২৬ নভেম্বরের সাজা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন, যাতে ট্রাম্প মামলা খারিজের চেষ্টা নেওয়ার সুযোগ পান।

মামলার কৌঁসুলিরা ট্রাম্পের সাজার বিষয়ে দেরি করতে রাজি থাকলেও মামলা খারিজের বিরোধিতা করবেন বলে জানিয়েছিলেন। কৌসুলিরা ট্রাম্পের আইনজীবীদের আর্জির জবাব দেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় পাবেন।

তবে বিচারক মার্চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মামলা খারিজের আর্জির বিষয়ে কখন সিদ্ধান্ত জানাবেন সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি এবং সাজা ঘোষণার নতুন তারিখও নির্ধারণ করেননি।