১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেন ইসরায়েলে ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে না

ইসরায়েলিরা হামাসের হামলার দ্বিতীয় বর্ষপূর্তি বিভিন্নভাবে স্মরণ করলেও দেশটিতে সরকারিভাবে আগামী সপ্তাহ পর্যন্ত কোনো স্মরণানুষ্ঠান হবে না।

কেন ইসরায়েলে ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে না
দুই বছর আগে গাজা সংলগ্ন ইসরায়েলের রিম এলাকায় নোভা উৎসবে হামাসের হামলায় বহু মানুষ নিহত হয়েছিল। সেখানে নিহতদের ছবির মাঝে বসে আছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 12:54 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে হামাসের নেতৃত্বাধীন আক্রমণের দুই বছর পূর্তি হয়েছে ৭ অক্টোবর, মঙ্গলবার। দুই বছর আগে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যোদ্ধাদের ওই আক্রমণে ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫০ জনেরও বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে, যাদের মধ্যে ৪৮ জন এখনও তাদের জিম্মায় আছেন। 

এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। তারপর থেকে টানা দুই বছর ধরে চলা তাদের হামলায় গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন আর নিশ্ছিদ্র অবরোধের মধ্যে থাকা ভূখণ্ডটিতে খাদ্য ও পানীয়ের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।  

জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত সংস্থা তাদের সিদ্ধান্তে বলেছে, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করছে। 

বিশ্বের কোনো মতামতকে তোয়াক্কা না করা ইসরায়েল জাতিসংঘ তদন্ত সংস্থার ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। 

হামাসের হামলার দুই বছর পূর্তিতে ইসরায়েলের রিম এলাকায় নোভা উৎসবে নিহতদের স্মরণ। ছবি: রয়টার্স 

হামাসের হামলার দুই বছর পূর্তিতে ইসরায়েলের রিম এলাকায় নোভা উৎসবে নিহতদের স্মরণ

সিএনএন জানিয়েছে, ইসরায়েলিরা ৭ অক্টোবরের দ্বিতীয় বর্ষপূর্তি বিভিন্নভাবে স্মরণ করলেও দেশটিতে সরকারিভাবে আগামী সপ্তাহ পর্যন্ত কোনো স্মরণানুষ্ঠান হবে না। 

ইসরায়েল সাধারণত গুরুত্বপূর্ণ দিনগুলো হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী পালন করে। আর তাতে ৭ অক্টোবরের সরকারি স্মরণানুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে হিব্রু ক্যালেন্ডারের সপ্তম মাস তিশরের ২৪   তারিখে, যা চলতি বছরের অক্টোবরের ১৬ তারিখে পড়েছে। রাষ্ট্রীয় এই স্মরণানুষ্ঠানটি ওই দিন জেরুজালেমে ইসরায়েলের জাতীয় কবরস্থান মাউন্ট হার্জেলে পালিত হবে।  

চলতি বছর ইহুদিদের ফসল কাটার ও কৃতজ্ঞতা জানানোর উৎসব সুক্কোত পড়েছে ৭ অক্টোবর। এ কারণে অনেক ব্যক্তিগত ও সামাজিক স্মরণানুষ্ঠান হয় আগেই পালন করা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে। 

তবে এদিন সন্ধ্যায় কাম নামের একটি নাগরিক সমাজের উদ্যোগে ৭ অক্টোবর স্মরণে একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাম গাজা ভূখন্ডের সাত কিলোমিটারের মধ্যে বসবাসকারী ও ৭ অক্টোবরের আক্রমণ থেকে বেঁচে যাওয়া ইসরায়েলিদের একটি অলাভজনক সংগঠন। 

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে যখন হামাসের হামলার দুই বছর পূর্তি পালিত হচ্ছে তখন সেখান থেকে গাজায় ইসরায়েলি বোমার হামলার পর ওঠা ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স 

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে যখন হামাসের হামলার দুই বছর পূর্তি পালিত হচ্ছে তখন সেখান থেকে গাজায় ইসরায়েলি বোমার হামলার পর ওঠা ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে

এই অনুষ্ঠানের জন্য দেশটির সরকার কোনো তহবিল যোগান দেবে না। জনসাধারণের অর্থ সাহায্যে এটি পরিচালিত হবে আর এতে ইসরায়েলি শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠান দেশটির গুরুত্বপূর্ণ টেলিভিশন নেটওয়ার্কগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। 

এই অনুষ্ঠান গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরা ও এখনও বন্দি থাকা জিম্মিদের মায়েরা বক্তব্য রাখবেন।