০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া হ্লাইং

পাঁচ দিনের এ সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া হ্লাইং
মিয়ানমারের সামরিক নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাজধানী নেপিডোতে ৮১তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 02:51 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

মিয়ানমারের জান্তা প্রধান থেকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এক আনুষ্ঠানিক সফরে শনিবার ভারতে যাচ্ছেন মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পাঁচ দিনের এ সফরে প্রেসিডেন্ট হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। 

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল হ্লাইং। তারপর থেকে গত পাঁচ বছর ধরে মিয়ানমারের সামরিক নেতৃত্ব থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল বহু প্রতিবেশী দেশ। কিন্তু বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর হ্লাইং আঞ্চলিক সম্পৃক্ততা আবার ফিরে পাচ্ছেন, তার ভারত সফর এমনটিই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

বিশ্লেষকের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ভারতের জন্য হ্লাইংয়ের এ সফর মিয়ানমারের উপর চীনের বিশাল প্রভাব কমানোর একটা সুযোগ। মিয়ানমারে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকার মজুদে প্রবেশাধিকার নিশ্চিত করতে ও ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে দেশটির সঙ্গে কাজ করছে নয়া দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের বলেন, “ভারত ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের পরিধির অংশ সব বিষয় আলোচনায় আসবে।” 

ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হোসে রয়টার্সকে বলেছেন, “প্রেসিডেন্ট হিসেবে বেসামরিক পোশাক পরার পর মিন অং হ্লাইং ওই অঞ্চলজুড়ে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে চাইছেন। থাইল্যান্ড ও আরও কিছু সদস্য দেশের সমর্থন নিয়ে তিনি আসিয়ানের সঙ্গে আরও স্বাভাবিক মিত্রতা আশা করছেন। তিনি শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিং সফরে যেতে পারেন।”