Published : 12 May 2026, 11:00 PM
ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে একজন জ্যোতিষীকে নিয়োগ দিয়েছেন। বিধানসভা নির্বাচনে বিজয় বড় ধরনের জয় পাবেন, এই জ্যোতিষী সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।
এই জ্যোতিষীর নাম রাধান পণ্ডিত ভেট্রিভেল। তিনি জ্যোতিষ চর্চার পাশাপাশি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি টিভিকের নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন।
কিন্তু তারপরও রাধান পণ্ডিতের এ নিয়োগ বিভিন্ন মহলে বিস্ময় সৃষ্টি করেছে, যাদের মধ্যে টিভিকের মিত্র দলগুলোর নেতারাও আছেন বলে জানিয়েছে এনডিটিভি।
৪ মে তামিলনাডুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার সময় টিভিকে যখন অপ্রত্যাশিতভাবে এগিয়ে ছিল তখন রাধান পণ্ডিতই প্রথম ব্যক্তি যিনি বিজয়ের বাসভবনে গিয়েছিলেন।
এই আবেগের সংযোগ বিজয়ের মিত্র দলগুলোর কাছে বা বিরোধী ডিএমকের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য মনে হয়নি। তারা কোনো ধরনের কুসংস্কার বা জ্যোতিষীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অভ্যস্ত বলে লিখেছে এনডিটিভি।
এক্স এ এক পোস্টে কংগ্রেসের এমপি শশীকান্ত সেন্থিল বলেছেন, “আমি বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রীর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে একজন জ্যোতিষীকে লাগবে কেন?? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন।”
টিভিকের আরেক মিত্র বাম-ঘরানার দলিত দল ভিসিকের মহাসচিব ডি রবিকুমার এক্স এ আরেক পোস্টে লিখেছেন, “একটি ধর্মনিরপেক্ষ সরকারে এটি অগ্রহণযোগ্য। মাননীয় মুখ্যমন্ত্রীর এটি পুনর্বিবেচনা করা উচিত।
“বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উৎসাহিত করা সরকারের কর্তব্য। রাধান পণ্ডিত মূলত একজন জ্যোতিষী।”
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শানমুগাম পি মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এতে জনগণের মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করে এ নিয়োগকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
রাধান পণ্ডিতের গ্রাহক তালিকা বেশ সমৃদ্ধ। তামিলনাডুর সাবেক মুখ্যমন্ত্রী এআইএডিএমকের জে জয়ললিতা তাদের মধ্যে অন্যতম। খবর বলছে, জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকার সময় তার অনেকগুলো রাজনৈতিক সিদ্ধান্ত জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেই নিয়েছিলেন। কিন্তু জয়ললিতার কারাগারে যাওয়ার বিষয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বাস্তবে ফলেনি।
আরও পড়ুন:
তামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়