২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ থামাতে আলোচনায় অগ্রগতি হচ্ছে: ট্রাম্প

তবে পুতিনের সঙ্গে কবে কখন কী নিয়ে কথা হয়েছে তার বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

ইউক্রেইন যুদ্ধ থামাতে আলোচনায় অগ্রগতি হচ্ছে: ট্রাম্প
ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প-পুতিন বৈঠক। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অগ্রগতি করছে বলেই তার ধারণা। 

কিইভ, মস্কো দুই পক্ষের সঙ্গেই ওয়াশিংটনের আলোচনা চলছে, রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনটা জানালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কবে কখন কী নিয়ে কথা হয়েছে তার বিস্তারিত বলতে তিনি রাজি হননি।

ট্রাম্প-পুতিন কথা হয়ে থাকলে সেটি হবে ২০২২ সালের প্রথমভাগের পর দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম কথোপকথন, বলছে বার্তা সংস্থা রয়টার্স। 

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পরে পুতিনের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রোববার ট্রাম্প বলেন, “কথা হয়েছে। কেবল এটুকুই বলি- হয়েছে। আমি আশা করছি আরও অনেক কথাবার্তা হবে। আমাদের এই যুদ্ধ থামাতে হবে।”

“যদি আমরা কথা বলেও থাকি, আমি আপনাদেরকে কথোপকথন সম্বন্ধে জানতে চাচ্ছি না। আমার বিশ্বাস আমরা অগ্রগতি করছি। আমরা ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ থামাতে চাই। আমরা উভয় পক্ষের সঙ্গেই কথা বলছি,” বলেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।

নির্বাচনী প্রচারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্যবার ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কীভাবে থামাবেন তা খোলাসা করেননি। 

শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সঙ্গে পুতিনের কতবার কথা হয়েছে, সর্বশেষ কবে কথা হয়েছে এগুলো না বলাই ভালো হবে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, “বহু ধরনের যোগাযোগের পথ খুলছে। ব্যক্তিগতভাবে আমি হয়তো অনেক কিছু নাও জানতে পারি, অবগত নাও থাকতে পারি। তাই এক্ষেত্রে আমি (ট্রাম্প-পুতিন কথোপকথন) নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে পারছি না।”

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ সম্বন্ধে প্রশ্ন করা হলে এই বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও।

“অবশ্যই অনেক গোপনীয় আলাপ-আলোচনা চলছে,” এনবিসি নিউজকে এমনটাই বলেছেন তিনি।  

যুদ্ধ নিয়ে শিগগিরই ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে, এমন খবরও পশ্চিমা গণমাধ্যমে চাউর হয়েছে। 

রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, উপযুক্ত সময়েই পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

দুইজনের শীর্ষ বৈঠকের স্থান হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাম রাশিয়া খতিয়ে দেখছে বলে চলতি মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল। 

যুদ্ধ বন্ধের লক্ষ্যে সামনের দিনগুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও ইউক্রেইন যুদ্ধ বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ ইউরোপে ছুটাছুটি বাড়াবেন বলেও মনে হচ্ছে। 

পুতিনকে যুদ্ধ বন্ধের আলোচনায় বাধ্য করতে পুতিন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পথ বেছে নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ওয়াল্টজ। 

গত বছর রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুদ্ধ বন্ধ চাইলে ইউক্রেইনকে নেটোতে যুক্ত হওয়ার স্বপ্ন চিরতরে বাদ দিতে হবে; দনবাস ও ক্রিমিয়ার আশাও ছেড়ে দিতে হবে। তবে কিইভ এতে রাজি নয়। 

তারা প্রয়োজনে বিরল মৌল ধাতু যুক্তরাষ্ট্রকে দিয়ে হলেও ওয়াশিংটনের কাছ থেকে সামরিক সাহায্য পাওয়া অব্যাহত রাখতে চায়।