ইরানের ইস্পাহানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে বিশাল এক বিস্ফোরণ ঘটছে, এমন একটি ভিডিও শেয়ার করেছেন।
ইরানের ইস্পহান শহরে ৯০০ কিলোগ্রাম ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন খবর সামনে এসেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে ইস্পাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়, এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, “এ হামলায় বিপুল সংখ্যক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে বিশাল এক বিস্ফোরণ ঘটছে, এমন একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা গেছে, পরপর ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণ ঘটছে, এরপর বিশাল আগুনের লকলকে শিখায় রাতের আকাশ আলোকিত হয়ে যায়।
ট্রাম্প ভিডিওর সঙ্গে কোনো তথ্য যোগ করেননি। কিন্তু গণমাধ্যমের খবরগুলোতে দাবি করা হয়েছে, এটি ইস্পাহানের অস্ত্রগুদামে চালানো মার্কিন, ইসরায়েলি যৌথ হামলার ভিডিও।
২৩ লাখ বাসিন্দার এ ইরানি শহরটিতে বদর নামের একটি সামরিক বিমানঘাঁটি আছে।
প্রকাশিত প্রতিবেদনগুলো বলা হয়েছে, হামলার সময় প্রাথমিক বিস্ফোরণগুলোর পর সেখানে দ্বিতীয় ধাপে আরও অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেগুলো এতো শক্তিশালী ছিল যে এর ধাক্কা পুরো এলাকাজুড়ে অনুভূত হয়েছে। ঘটনাস্থল থেকে ওঠা বিশাল অগ্নিকুণ্ড অনেক দূর থেকে দেখা গেছে।
পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক মিলে যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার উদ্যোগ নিলেও দ্বিতীয় মাসে প্রবেশ করা এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে. এমন শঙ্কা ছড়িয়ে পড়ছে।
সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে ধারণা প্রকাশ করা হয়েছে যে ইরান সম্ভবত তাদের প্রায় ৫৪০ কেজির মতো অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। গত বছরের জুনেও যুক্তরাষ্ট্র ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছিল।
সোমবার ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরান ‘অল্প সময়ের মধ্যে’ একটি চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি খাত, পারমাণবিক স্থাপনা, পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট এমন হুমকি দেওয়ার পরদিনই ইরানে ব্যাপক হামলার খবর এল।
