অস্ট্রেলিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্টের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ
গতবছর বন্ডাই সৈকতে ইহুদিদের উৎসব চলাকালে হামলার ঘটনার পর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে অস্ট্রেলিয়ায় এই সফর করছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।
অস্ট্রেলিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফর ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
গত বছর ১৪ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলায় ১৫ জন নিহতের ঘটনার পর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই সফর করছেন হার্জগ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থনি আলবানিজের আমন্ত্রণে ইসরায়েলের প্রেসিডেন্ট দেশটিতে চারদিনের এই সফরে গেছেন।
কিন্তু অস্ট্রেলিয়ার অনেকেই তার এই সফরে ক্ষুব্ধ। কারণ গাজায় ইসরায়েলের বহু বেসামরিক মানুষ হত্যার ঘটনায় হার্জগ জড়িত বলেই অভিযোগ তাদের।
ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো সোমবার সন্ধ্যায় দেশজুড়ে বিক্ষোভ আয়োজন করেছে। সিডনিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রস্থলের একটি চত্বরে জড়ো হয়ে বক্তৃতা শুনছে এবং ফিলিস্তিনপন্থি স্লোগান দিচ্ছে।
সিডনির ৩০ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, বন্ডাই হত্যাকাণ্ড ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্বের কাছ থেকে ফিলিস্তিনের জনগণ এবং গাজাবাসীর জন্য কোনও স্বীকৃতি পাওয়া যায়নি।
হার্জগ দখলদারিত্ব সম্পর্কিত সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন, তার এই সফর অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে। কিন্তু তিনি অন্যায় কাজে জড়িত।
হার্জগের সফরে নিরাপত্তা ব্যবস্থা হিসাবে শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, আকাশে একাধিক হেলিকপ্টার চক্কর দিচ্ছে। কর্মকর্তারা ঘোড়ায় চড়েও টহল দিচ্ছেন।
হার্জগের সফর ঘিরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুড়ার স্প্রে ব্যবহার করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে।
ওদিকে হার্জগের সফরকে স্বাগত জানিয়েছে ইহুদি সম্প্রদায়ের সদস্যরাসহ সরকারি কর্মকর্তারা এবং বিরোধীদলীয় সদস্যরা।
বিক্ষোভস্থল থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে এক অনুষ্ঠানে হার্জগ বন্ডাই সৈকতে হামলায় নিহতদের স্মরণে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকালেই বন্ডাই সৈকত হয়ে সফর শুরু করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। সেখানে তিনি হামলায় নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।
তাছাড়া, হামলায় নিহত ১৫ জনের পরিবার-পরিজনের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।
