২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ‘জবরদস্তি’র হুঁশিয়ারি জাপানের প্রধানমন্ত্রীর, প্রতিরক্ষা কৌশল বদলের অঙ্গীকার

চলতি মাসে পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনে বিশাল জয়ের পরই জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি চীনের হুমকি মোকাবেলায় তার নতুন কর্মসূচি তুলে ধরেছেন পার্লামেন্টে তার প্রথম ভাষণে।

চীনের ‘জবরদস্তি’র হুঁশিয়ারি জাপানের প্রধানমন্ত্রীর, প্রতিরক্ষা কৌশল বদলের অঙ্গীকার
সানায়ে তাকাইচি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 10:20 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নির্বাচনের পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে চীনের বাড়তে থাকা জবরদস্তির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। দেশের প্রতিরক্ষা কৌশলে রদবদলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শুক্রবারের এই ভাষণে তাকাইচি সামরিক সরঞ্জাম রপ্তানির বাধা অপসারণ এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করারও প্রতিশ্রুতি দেন। 

চীন ও জাপানের সম্পর্কে টানাপড়েন আগে থেকেই চলছিল। গতবছর নভেম্বরে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির বিতর্কিত মন্তব্যের জেরে সম্পর্কে উত্তেজনা শুরু হয়েছিল।

তিনি বলেছিলেন, তাইওয়ানে চীনের কোনওরকম হামলা হলে জাপান সামরিক শক্তি ব্যবহার করতে পারে। কারণ, সেই হামলা জাপানের ভূখণ্ডের জন্য হুমকি।

চলতি মাসে পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনে বিশাল জয়ের পরই তাই তাকাইচি চীনের হুমকি মোকাবেলায় তার নতুন কর্মসূচি তুলে ধরলেন। 

বর্তমানে তার ক্ষমতাসীন জোটের হাতে দুই-তৃতীয়াংশ আসন থাকায় তার নীতি বাস্তবায়নে কোনও রাজনৈতিক বাধার মুখে পড়ার সম্ভাবনা কম। 

তাকাইচি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এখন সবচেয়ে জটিল ও ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির মোকাবেলা করছে।” 

তিনি বিশেষ করে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের দিকে ইঙ্গিত করেন।

জাপান সাধারণত কেবল আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম রফতানি করে আসলেও, তাকাইচির সরকার এই নিয়ম বদলে ফেলতে চায়। 

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি প্যানেল প্রস্তাব করেছে যে, প্রাণঘাতী নয়, এমন সরঞ্জামের বাইরেও অন্যান্য সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। 

এর ফলে জাপানি কোম্পানিগুলো বিদেশে ট্যাংক বা কামানের মতো যুদ্ধাস্ত্র বিক্রির সুযোগ পাবে। পাশাপাশি, তাকাইচি ২০২৭ সালের পরিবর্তে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই (আগামী মার্চ) প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে জিডিপি-র ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

যুদ্ধ পরবর্তী শান্তিবাদী সংবিধান থাকার পরও এই বাজেট জাপানকে বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশে পরিণত করবে।

দেশের গোয়েন্দা সক্ষমতা বাড়াতে তাকাইচি নিজের সভাপতিত্বে একটি ‘জাতীয় গোয়েন্দা কাউন্সিল’ গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। 

বর্তমানে জাপানের গোয়েন্দা তথ্যগুলো বিভিন্ন সংস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের ‘সিআইএ’ বা যুক্তরাজ্যের ‘এমআই-৫’-এর আদলে একটি একক গোয়েন্দা কাঠামো গড়তে চান তিনি।

নিরাপত্তার পাশাপাশি চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমানোরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা কমিয়ে মিত্র দেশগুলোর সাথে মিলে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ কাঁচামাল নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর থেকে বন্ধ থাকা পারমাণবিক চুল্লিগুলো দ্রুত চালু করার প্রতিশ্রুতিও দেন তাকাইচি।

ভাষণের শেষে তাকাইচি বলেন, “যে জাতি চ্যালেঞ্জ গ্রহণ করে না, তার কোনো ভবিষ্যৎ নেই। কেবল রক্ষার রাজনীতি কখনো আশা জাগাতে পারে না।”