ফিলিপিন্সে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ১৭
কী কারণে ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহরের নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি।
ফিলিপিন্সে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত তিনজন নিহত ও আরও ১৭ জন নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জরুরি বিভাগের কর্মীরা তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
রোববার স্থানীয় সময় ভোররাতে রাজধানী ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহরে নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়ে। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি, এ নিয়ে তদন্ত চলছে।
সোমবার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ফিলিপিন্সের ফায়ার প্রটেকশন ব্যুরোর তথ্য কর্মকর্তা মারিয়া লেয়া সাজিলি জানান, উদ্ধারকর্মীরা ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে উদ্ধার করার পর মৃতের সংখ্যা তিনজনে দাঁড়ায়। তবে উদ্ধার করার পর তাদের মধ্যে একজনের নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরেকটি দেহ উদ্ধারের চেষ্টা করছেন। সেটি উদ্ধার হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।
সাজিলি জানিয়েছেন, থার্মাল স্ক্যানে ধ্বংসস্তূপের নিচ থেকে হৃদ-স্পন্দন ও নিশ্বাসের লক্ষণ শনাক্ত হয়েছে, তাই সেখানে জীবিত আরও কয়েকজন আছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
তিনি জানান, এখনো ১৭ জন নিখোঁজ রয়েছে। তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ভবনটিতে ৭০ জন লোক কাজ করছিলেন, কিন্তু ঘটনার দিন সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ জনই বাড়িতে চলে গিয়েছিলেন।
যদি আর কোনো জীবিতকে না পাওয়া যায় তবে ভারী মেশিনপত্র এনে আবর্জনা সরিয়ে বাকি মৃতদেহগুলো উদ্ধার করা উদ্যোগ নেওয়া হবে বলে সাজিলি জানিয়েছেন।
