২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শত্রু’ পাকিস্তানকে বড় বন্যার সতর্কবার্তা দিল ভারত

ভারত তাওয়াই নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কা নিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের পর এটিই দু’দেশের মধ্যে প্রথম বড় ধরনের যোগাযোগ।

‘শত্রু’ পাকিস্তানকে বড় বন্যার সতর্কবার্তা দিল ভারত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় ডুবে যাওয়া রাস্তা। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 26 Aug 2025, 12:33 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ভারত তার শত্রুপ্রতিম প্রতিবেশী দেশ পাকিস্তানকে সীমান্তপারের বন্যার আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে। এমনটাই জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা ও নয়াদিল্লির এক কর্মকর্তা।

দুই দেশই টানা বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ার মধ্যে সোমবার পাকিস্তানকে ভারতের সতর্কবার্তা দেওয়ার এই খবর এল। ইসলামাবাদে ভারতের হাইকমিশন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়কে সতর্কবার্তা পাঠায়।

পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির পর ভারতের রাজধানী নয়াদিল্লির সরকারি এক কর্মকর্তা জানান, "মানবিক কারণে" সতর্কবার্তা দেওয়া হয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির বাধ্যবাধকতার অংশ হিসেবে নয়। 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সতর্কবার্তাটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে, চুক্তি অনুযায়ী ‘সিন্ধু কমিশন’-এর মাধ্যমে নয়।

অপ্রত্যাশিত এই পদক্ষেপ এসেছে এমন এক প্রেক্ষাপটে, যখন ভারত চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সঙ্গে বহু দশক পুরনো সিন্ধু পানি চুক্তি কার্যত স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। 

ভারত দাবি করেছিল, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় পাকিস্তান জড়িত। ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। গত মে মাসে দু’দেশের উত্তেজনা বেড়ে গিয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতও হয়।

চলতি মাসে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৪০০ জন প্রাণ হারিয়েছেন। 

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএম) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুনের শেষ থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দেশজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জনে। সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাজহার হোসেন বলেন, “ভারত যে সতর্কবার্তা দিয়েছে, তাতে তাওয়াই নদীতে পানি বাড়ার আশঙ্কার কথা বলা হয়েছে।”

এই নদী পাকিস্তানে প্রবেশ করে সুতলেজ নামে পরিচিত। ভারত তাওয়াই নদীতে সম্ভাব্য বড় বন্যা সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করেছে।  মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের যোগাযোগ।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাজহার বলেন, “তারা (ভারত) পানির মাত্রা কতটা হতে পারে তা জানায়নি। তবে ভারী বন্যার সম্ভাবনার কথা বলেছে।”

ভারতে অতিবৃষ্টির কারণে বাঁধগুলো পূর্ণ হয়ে গেছে, যা থেকে বাধ্য হয়ে পানি ছাড়তে হবে। পাকিস্তানেও অতিবৃষ্টি ও ভারতের বাঁধ থেকে ছাড়ানো পানি মিলে পাঞ্জাবের সুতলেজ, রাভি ও চেনাব নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সিন্ধু পানি চুক্তি নিয়ে দ্বন্দ্ব:

১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, পশ্চিমমুখী তিন নদীর নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে এবং পূর্বমুখী তিন নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে যায়। কিন্তু ইসলামাবাদের আশঙ্কা, নয়াদিল্লি চাইলে তাদের প্রধান পানি সরবরাহ বন্ধ করে দিতে পারে, যা পাকিস্তানের কৃষি ও জলবিদ্যুৎ খাতে মারাত্মক প্রভাব ফেলবে।

সোমবার জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ভারতকে চুক্তির সব ধারা মানতে আহ্বান জানায়। তারা বলে, “চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার ঘোষণা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে।”