২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে জয় দেখাল ট্রাম্পকে হারানোর পথ, বললেন মামদানি

“ডনাল্ড ট্রাম্পের হাতে প্রতারিত দেশে তাকে হারানোর পথ যদি কেউ দেখাতে পারে, সে হল এই শহর, যে তাকে বড় করেছে,” বলেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের এই ছেলে।

নিউ ইয়র্কে জয় দেখাল ট্রাম্পকে হারানোর পথ, বললেন মামদানি
জোহরান মামদানির জয়ের খবর মার্কিন গণমাধ্যমগুলোতে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে মঞ্চে এসে নিজেকে জয়ী ঘোষণা করে নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ দিয়েছেন শহরটির প্রথম ভারতীয়-আমেরিকান মুসলিম এবং এক শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হওয়া জোহরান মামদানি। 

“নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা আপনাদের জন্য লড়বো, কারণ আমরা আপনাদেরই অংশ। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক পরম্পরাকে উৎখাত করেছি,” বলেছেন তিনি।

আধাঘণ্টারও কম সময় দেওয়া বিজয় ভাষণে মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকেও তোপ দেগেছেন। বলেছেন, “ডনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য চারটি শব্দ আছে আমার: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)। 

“আমাদের কাউকে ধরতে চাইলে, আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। ডনাল্ড ট্রাম্পের হাতে প্রতারিত দেশে তাকে হারানোর পথ যদি কেউ দেখাতে পারে, সে হল এই শহর, যে তাকে বড় করেছে। আমি দুর্নীতির সেই সংস্কৃতির অবসান ঘটাবো যা ট্রাম্পের মতো ধনীদের কর ফাঁকি ও কর ছাড়ের সুযোগ কাজে লাগানোর উপায় করে দেয়,” বিজয় ভাষণে গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানি এ কথা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি। 

মামদানি যখন প্রেসিডেন্টকে নিয়ে এসব বলছিলেন, ট্রাম্প সেসময় তার ট্রুথ সোশালে লিখেছেন, “…এবং এভাবেই শুরু হল!” 

নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়ে মামদানি বলেছেন, “তারা রায় দিয়েছেন পরিবর্তনের পক্ষে, নতুন ধরনের রাজনীতির পক্ষে, এমন এক শহরের পক্ষে যার খরচ আমরা বহন করতে পারবো।

“নিউ ইয়র্ক অভিবাসীদের শহরই থাকবে। যে শহর বানিয়েছে অভিবাসীরা, চালিয়েছে অভিবাসীরা, আর আজ রাত থেকে যার নেতৃত্বও দেবে এক অভিবাসী। আমরা সবাইকে ভালোবাসবো, সে আপনি অভিবাসী হন বা না হন।”

নির্বাচনী প্রচারণায় তিনি বিনা ভাড়ায় বাস, সার্বজনীন শিশুসেবা এবং ক্রমবর্ধমান বাসা ভাড়াকে নিয়ন্ত্রণে এনে শহরকে সাশ্রয়ী করার যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ভাষণে সেগুলো পুনর্ব্যক্ত করেন তিনি।

“অন্ধকারের এই মুহূর্তে আলো হবে নিউ ইয়র্ক,” সমর্থকদের উদ্দেশ্যে বলেন মামদানি। 

তিনি সকল নিউ ইয়র্কবাসীর পক্ষে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন, এমনকী যারা তাকে ভোট দেননি, তাদের পক্ষেও। মামদানি ভাষণে তার বাবা-মাকে ধন্যবাদ জানান এবং নিজের মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরেন।

“মা, বাবা, আমি তোমাদের সন্তান হতে পেরে গর্বিত। আমি তরুণ, এবং আমি মুসলিম। মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই,” বলেছেন তিনি।