শিকাগোতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত চলাকালে সশস্ত্র নারীকে বর্ডার পেট্রল এজেন্টের গুলি
গুলিবিদ্ধ হওয়ার পর ওই নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গেছেন। তার অবস্থা এখন কেমন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় (ডিএইচএস) জানিয়েছে, শনিবার শিকাগোর দক্ষিণপশ্চিম অংশে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে কয়েকশ বিক্ষোভকারীর সংঘাত চলাকালে মার্কিন বর্ডার পেট্রল সদস্যরা এক সশস্ত্র নারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
ওই নারীসহ একদল লোকের গাড়ি মার্কিন অভিবাসন ও শুল্ক কার্যকর বিভাগের (আইসিই) ব্যবহৃত যানবাহনে ধাক্কা দিয়েছিল, কিন্তু এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো কর্মকর্তা গুরুতর আহত হননি, বিবৃতিতে ডিএইচএসের এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন।
গুলিবিদ্ধ ওই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে তার নাম জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
বর্ডার পেট্রল সদস্যরা গুলি চালানোর পর ওই নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গেছেন বলে ডিএইচএসের বিবৃতিতে বলা হয়েছে। তার অবস্থা এখন কেমন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আইসিই এজেন্টরা পিপার স্প্রে ও রাবার বুলেট ছুড়েছেন।
শিকাগোর ব্রাইটন পার্ক এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ‘বিশেষ বাহিনী’ পাঠানো হচ্ছে বলে এক্সে দেওয়া পোস্টে বলেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম।
গুলিবিদ্ধ নারীর কাছে একটি আধা-স্বয়ংক্রিয় বন্দুক ছিল, বিবৃতিতে বলেছেন মার্কিন সহকারী সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন।
ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার শনিবার বলেছেন, রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলটিমেটাম পেয়েছেন তিনি।
“আমাদের নিজেদের সীমানার ভেতর এবং আমাদের ইচ্ছার বিরুদ্ধে, একজন গভর্নরকে সেনা পাঠাতে বলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং অ-আমেরিকানসুলভ,” বিবৃতিতে বলেছেন প্রিৎজকার।
ফেডারেল কর্মকর্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে ট্রাম্প ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনে অনুমোদন দিয়েছেন বলে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন।
শহরে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের উপস্থিতির নিন্দা জানিয়ে শিকাগোর বাসিন্দারা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি করে আসছে। শুক্রবার শিকাগোর শহরতলির ব্রডভিউতে আইসিই-র একটি স্থাপনার বাইরে কয়েকশ বিক্ষোভকারীর হাতাহাতিও হয়েছে।
আটক ব্যক্তিদের ওই স্থাপনায় নিয়ে যাওয়া আইসিই যান আটকানোর চেষ্টায় প্রতিবাদকারীরা বেশ কয়েকবারই মাটিতে বসে পড়েন; পরে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে আইসিই এজেন্টরা শারীরিকভাবে বলপ্রয়োগ, রাসায়নিক পদার্থ ও রাবার বুলেট ব্যবহার করে তাদের সরিয়ে দেয়, সেসময় সেখানে অনেকটাই যেন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়।
নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি ও অরেগনের পোর্টল্যান্ডসহ ডেমোক্র্যাটশাসিত রাজ্যগুলোতেও এ ধরনের কড়া পুলিশিং নিয়ে বিক্ষোভকারীরা বেশ কিছুদিন ধরেই সমালোচনা করে আসছিলেন।
শনিবার এক ফেডারেল বিচারক পোর্টল্যান্ডে অরেগন ন্যাশনাল গার্ডের ২০০ সদস্য মোতায়েনে ট্রাম্পের এক নির্দেশ সাময়িক সময়ের জন্য আটকে দিয়েছেন।
