২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৬৭ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার

ভাই ও ভাতিজাকে নিয়ে গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন রাশিয়ার নাগরিক মিখাইল পিচুগিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 06:06 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

রাশিয়ার ওখটস্ক সাগরে দুই মাসের বেশি সময় বায়ুভর্তি একটি ছোট নৌকায় ভেসে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার গণমাধ্যমে ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন (৪৬) বলা হয়েছে। মাছ ধরা নৌকার এক জেলে তাকে উদ্ধার করে এনেছে। 

যে নৌকা থেকে মিখাইলকে উদ্ধার করা হয়েছে সে নৌকাতেই তার ভাই এবং ১৫ বছর বয়সী ভাতিজার মরদেহ পাওয়া গেছে।

গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন তারা। যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মিখাইলকে খুঁজে পাওয়া যায়। 

মিখাইলের স্ত্রী বলেন, তিনজন সাগরে তিমি দেখতে বেরিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন দুই সপ্তাহের খাবার।

রাশিয়া্র রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে তিনি বলেন, শারীরিক ওজন বেশি হওয়ার কারণেই সম্ভবত এতদিন যথেষ্ট খাবার না খেয়েও মিখাইল বেঁচে গেছেন। সাগরে ভ্রমণে বেরোনোর সময় তার ওজন ছিল ১০০ কেজি। আর ৬৭ দিন পর যখন তাকে উদ্ধার করা হল তখন তার ওজন অর্ধেকে নেমে গিয়েছিল।

তবে মিখাইলের স্ত্রী আরও বলেন, “আমরা এখনও কিছু জানি না। কেবল জানি, সে বেঁচে আছে...এটি অলৌকিক।” তিনি জানান, তাদের মেয়েরও ওই ভ্রমণে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

রিয়া নভোস্তি জানায়, তিনজন নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টার তাদের খুঁজতে বের হলেও কোনও সন্ধান পায়নি। গত সোমবার একটি মাছ ধরা নৌকা কামচাটকা উপদ্বীপের উপকূলে ওখটস্ক সাগরে মিখাইলদের নৌকাটি দেখতে পায়।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, লাইফ জ্যাকেট গায়ে দাড়িওয়ালা এক ব্যক্তি (মিখাইল) জেলেদের ডেকে চিৎকার করে বলছেন, “আমার গায়ে আর কোনও শক্তি নেই।” পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আর তার ভাই ও ভাতিজার দেহ এখনও সেই নৌকাতেই আছে।

পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সাগরগুলো একটি ওখটস্ক। সেখানে মিখাইল এতদিন কীভাবে বাঁচলেন সে সম্পর্কে রুশ নাবিক ইউনিয়নের দূরপ্রাচ্য শাখার প্রতিনিধি নিকোলাই সুখানভ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “এ ক্ষেত্রে মাছ ভূমিকা রেখে থাকতে পারে। এমন পরিস্থিতিতে সব খাবার শেষ হওয়ার পরও আপনি সাগরের মাছ ধরে কেবল তা খেয়েই বেঁচে থাকতে পারবেন।”